‘পানির তলে ক্ষেতের ধান অহনো‌ রইছে, কাটবার মানুষ পাই না’

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন ও অষ্টগ্ৰামের বিভিন্ন হাওরে এখনো প্রায় দেড় শত হেক্টর জমি পানির তলে রয়েছে বলে কৃষকদের দাবি।

সরকারি হিসেবে কৃষি অফিসের তথ্যমতে, মিঠামইনে ৯৬ শতাংশ ও অষ্টগ্ৰামে ৯৫ শতাংশ ধান কাটা হয়েছে। কিন্তু ভুক্তভোগী কৃষকরা বলছেন অন্য কথা। তারা বলছেন, পঁচাসহ ৮০ ভাগ ধান কাটা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত এই চার দিন কিছুটা রোদ উঠলেও দুপুরের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। হাওরের পানি কমছে। এর মধ্যে নদীর পানি বৃদ্ধি পেয়ে পানি হাওরে ঢুকছে।

কৃষকরা জানান, হাওরের বিভিন্ন খাল খনন না হওয়ায় এ সকল খাল এখন জমি হয়ে গেছে। অষ্টগ্রামের হাওরের একমাত্র জোয়াইরা খাল ও কাটা খাল বন্ধ হয়ে গেছে। এ দুটি খালের কারণে অধিকাংশ জমি এখনো পানির নিচে।

মিঠামইনের চমোকপুরের কৃষক ইসলাম উদ্দিন (সাবেক মেম্বার) জোয়াইরা হাওরে ৮ একর জমি করেছেন। তার জমি এখনো পানির নিচে। শ্রমিকের অভাবে কাটতে পারেনি। শনিবার সকালে চমোকপুরের হাওরের রাস্তায় দেখা হয় তার সঙ্গে। বলেন, ‘৮ খানি ক্ষেত করছি সব ক্ষেত ওই পানির তলে। ক্ষেতের ধারে গাড়ি যায় না, ক্ষেত কাটবার দাওয়াল ও পাই না, আমার সব শেষ, আমি মাইনষেরে কইছি তোমরা আমার ক্ষেত কাইট্টা আধা লইয়া যাও, এরপরেও কেউ যায় না। ১ খানি ক্ষেত কাটলে ১ জন কামলারে ২৫০০ টেহা দেওন লাগবো ৬ জন কামলা লইলে ১৫ হাজার টেহা দেওন লাগবো। সারা বছরের খোড়াক, মহাজনের শোধের টেহা কইত্তেন দিমু। দেশ ছাইড়া যাওন ছাড়া কোনো গতি নাই । সরকারের লিষ্টিতে নাম তুললে কি হইবো, কয় টেহা পাইমু।’

তিনি জানান, তার আশপাশে বেলাবরের আড্ডা, কাজাগড়িয়া, ও নদারের হাওরে এখনো শতাধিক একর জমি পানির নিচে রয়েছে। কাটার কোনো ব্যবস্থা নাই ।

সরেজমিন জোয়ায়রা বিলে গিয়ে দেখা যায়, পানির তলে জমি তলিয়ে যাওয়ার দৃশ্য। সেখানে কথা হয় কয়েকজন ভুক্তভোগী কৃষকের সঙ্গে। কাঞ্চন মিয়া নামের একজন কৃষক তার বাড়ি খলাপাড়া গ্ৰামে । তিনি বলেন, ‘১ খানি ক্ষেত করছি পানির তলে ক্ষেতের ধান অহনো রয়েছে, কাটবার মানুষ পাই না, একজন কামলারে ২৫০০ টেহা নাইলে তিন মন ধান দেওন লাগবো ক্ষেত কাটলে, এ ক্ষেত কাটলে কামলার টেহাও হয়তো না। সারা বছর কেমনে চলমু, ঋণ করছিলাম ক্ষেত করবার সময়’।

একই কথা বললেন কৃষক জিরন মিয়া। তিনি জোয়াইরা বিলে ৫ একর জমি করেছেন। এখনো পানির নিচে। একই হাওরের অপর কৃষক তাজিন মিয়া বলেন, ‘৪ একর ৫০ শতাংশ জমি করেছি। জমি লাগানো শুরু করে কাডার আগ পর্যন্ত ঋণের উপরে জমি করছি হেই জমি এখন পানির নিচে। মেশিনে ও কাডে না দাওয়ালরাও একজনে আড়াই হাজার টেহার কমে জমি কাটতো না।’

বল্লি বিলের কৃষক খলাপাড়া গ্ৰামের সালাউদ্দিন মিয়া বলেন, ‘৩ একর জমি পানির নিচে কাডার মতো কোনো ব্যবেস্থা নাই। দিন রাইত খাইয়া না খাইয়া পইড়া রইছি হাওরে, জমি পাহারা দেওনের লাগি, একমুট ভাতের লাগি।

অপর কৃষক সালাউদ্দিনের সহোদর নাজমুল মিয়া জানান, কষ্টের ফসল পানির নিচে। সইতে পারতাছি না । ৯ একর জমি করছিলাম ৫ একর পঁচা রচা কাইট্টা নিচি। ৪ একর এহনো পানির তলে কাটবার চেষ্টা করতাছি।

চমোকপুর সেচ স্কিমের ম্যানেজার, রুবেল মিয়া বলেন, জোয়াইরা বিলে ৪ একর জমি পানির নিচে রয়েছে মনে হয় আর কাটতে পারবো না। গাড়ি যায় না, হারভেস্টার ও যায় না।

অন্যদিকে অষ্টগ্রামের সিমানায় জোয়ায়রা হাওরে ডিআইজির বাতান বলে একটি জায়গা রয়েছে। সেখানে এখনো ৫০ একর জমি পানির নিচে। কিছু কিছু জমি কৃষকরা নয়নভাগায় কাটছে ডিআইজির বাতানে একটি বাঁধ দিয়েছেন নিজের জমি রক্ষা করার জন্য। বাঁধের ভেতরেও পানি ঢুকে পড়ছে।

নদার হাওরের ২ কৃষক কবির ও মজিদ মিয়া বলেন, ‘২ জনে ৪ একর জমি করেছিলাম মহাজনের কাছ থেইক্কা শোধি টেহা আইন্না। এক মুট ধান ও কাটতাম পারছি না সব পানির তলে। অহন নিজে এই কি খাইমু কেমনে ঋণ দিমু ,হেই চিন্তায় ঘুম হয় না। গরুর ও খাওন নাই। ৪টা গরু বেইচ্চা দিমু।‌

অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খসরু মিয়ার সঙ্গে অলওয়েদার সড়কে দেখা হয়। তিনি বাতলা গ্ৰামের বাসিন্দা। তিনি বলেন, ‘২৫ একর জমি করেছি। মাত্র ১৪ একর জমি কাটতে পেরেছি। বাকি জমি পানির নিচে। এছাড়া খলায় পানি জমে কাটা ধানে ও গ্যাজ উঠে পড়েছে। অলওয়েদার সড়ক থাকাতে আমাদের ধান শুকাতে পারছি। আমাদের গ্ৰামটি সড়ক থেকে নিচু। এ জন্য খলায় পানি জমার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ পন্ডিত জানান, প্রাথমিকভাবে ৬ হাজার ৯৯৪ জন ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকায় আসছে । এ পর্যন্ত ৯৫ শতাংশ ধান কাটা হয়েছে। ক্ষতির পরিমাণ মোট ৩ হাজার ১ শত ৭৪ হেক্টর জমি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, জেলার প্রায় ১৩ হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ইটনা ও অষ্টগ্ৰামে। মিঠামইনে ক্ষতির পরিমাণ কিছুটা কম।

রাজনীতি/এসআই

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে

নেত্রকোনায় ২ উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

২ দিন আগে

আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

২ দিন আগে