ভোটের বাজিতে জেতা সেই মহিষটি ফিরিয়ে দিলেন বিএনপি সমর্থক

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২: ২৭
শেরপুর-২ আসনে জামায়াত সমর্থকের সঙ্গে বাজি ধরে জেতা মহিষটি ফিরিয়ে দিয়েছেন বিএনপি সমর্থক। বিএনপি সমর্থক আব্দুল মান্নান (বাঁয়ের ইনসেটে) ও জামায়াত সমর্থক আমীর হোসেন (ডানের ইনসেটে)। ছবি: রাজনীতি ডটকম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নালিতাবাড়ীতে নির্বাচনি ফলাফল নিয়ে আমীর হোসেন নামের জামায়াতে ইসলামীর এক সমর্থকের সঙ্গে বাজিতে জেতা মহিষটি শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দিয়েছেন বিএনপি সমর্থক আব্দুল মান্নান। মানবিক বিবেচনায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে নালিতাবাড়ী উপজেলার ১২ নম্বর কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাক-ঢোল পিটিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মহিষটি বুঝে নিয়েছিলেন উত্তর নাকশীর শিমুলগড়া এলাকার বাসিন্দা ও নির্বাচনে জেতা বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সমর্থক আব্দুল মান্নান। তবে এ দিন রাতেই তিনি মহিষটি এর মালিককে ফিরিয়ে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সমর্থক আব্দুল মান্নান এবং জামায়াত প্রার্থী মো. গোলাম কিবরিয়ার সমর্থক আমীর হোসেন এ ব্যতিক্রমী বাজি ধরেন। শর্ত ছিল— জামায়াত প্রার্থী জয়ী হলে আব্দুল মান্নান দেবেন পাঁচটি মহিষ। আর বিএনপি প্রার্থী জিতলে আমীর হোসেন দেবেন একটি মহিষ।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, বিএনপির ফাহিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর জামায়াত প্রার্থী মো. গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট। ফলাফল ঘোষণার পর পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী শুক্রবার সকালে আমীর হোসেন তার পালের সবচেয়ে বড় মহিষটি আব্দুল মান্নানের কাছে হস্তান্তর করেন।

ঢাক-ঢোল পিটিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বাজিতে জেতা মহিষটি বুঝে নিয়েছিলেন বিএনপি সমর্থক আব্দুল মান্নান। ছবি: রাজনীতি ডটকম
ঢাক-ঢোল পিটিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বাজিতে জেতা মহিষটি বুঝে নিয়েছিলেন বিএনপি সমর্থক আব্দুল মান্নান। ছবি: রাজনীতি ডটকম

জানা গেছে, আব্দুল মান্নান ও আমীর হোসেন দীর্ঘদিন ধরে একসঙ্গে কৃষিকাজ এবং মহিষ পালন করেন। বাজিতে হেরে আমীর তার চারটি মহিষের মধ্যে সবচেয়ে বড় মহিষটি হস্তান্তর করেছিলেন। আব্দুল মান্নান মহিষটি নিয়ে বিজয় মিছিলের আদলে গ্রামে প্রবেশ করলে উত্তর নাকশীজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশু থেকে বয়স্ক— সব বয়সী মানুষ এ দৃশ্য দেখতে ভিড় করেন।

বাজিতে জয়ের বিষয়ে আব্দুল মান্নান বলেছিলেন, ‘আমি দীর্ঘ ৩০ বছর ধরে শহিদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। দলকে ভালোবেসেই বাজি ধরেছিলাম। হেরে গেলে আমার পালের পাঁচটি মহিষ দিয়ে দিতাম। আমি নিশ্চিত ছিলাম ধানের শীষই জিতবে।’

অন্যদিকে আমীর হোসেন বলেছিলেন, ‘আমি জামায়াত ইসলামীকে ভালোবাসি। আমাদের দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কাউকে কথা দিলে কথা রাখতে হবে। সেই জন্য আমি আমার পালের বড় মহিষটা দিয়ে দিয়েছি।’

শুক্রবার রাতে মহিষটি এর মালিককে ফিরিয়ে দেন আব্দুল মান্নান। এ বিষয়ে তিনি বলেন, বাজি ছিল নিছক আনন্দের জন্য, কিন্তু কারও জীবিকা বিপন্ন হোক, তা তিনি চান না। গ্রামবাসী তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ‘মানবিক দিক বিবেচনায় আব্দুল মান্নান বাজিতে জেতা মহিষটি আমীর হোসেনকে ফেরত দিয়েছেন। এতে এলাকায় সম্প্রীতি ও মানবতার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে