অস্ত্রোপচারের পরও গুলি রয়ে গেছে শিশু হুজাইফার মস্তিষ্কে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৫: ২৯
গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান (বাঁয়ে) ও মিয়ানমারের রাখাইন রাজ্যের নাফ সীমান্তে গোলাগুলি, আগুনের ধোঁয়ার দৃশ্য (ডানে)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (১১) এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছে। আইসিইউ সূত্র জানায়, গুলিটি শিশুটির মাথা ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে।

হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে বলেন, ‘ভোর চারটা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়েছে। তবে গুলিটি বের করা হয়নি। সেটি মস্তিষ্কে; বের করা হলে ঝুঁকি আছে। তবে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে।’

গতকাল রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় শিশু হুজাইফা। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে । আহত শিশুটির বাবার নাম জসিম উদ্দিন।

প্রথমে শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। এতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করেন। পরে জানা যায়, শিশুটি মারা যায়নি, গুরুতর আহত হয়েছে। এদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ জানান, শনিবার সারা রাত সীমান্তের ওপারে গোলাগুলির শব্দে এলাকাবাসী আতঙ্কে ছিলেন। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় তিনি ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর শিশু হুজাইফাও খেলতে বের হয়ে সড়কের কাছে চলে আসে। এ সময় আবার সীমান্তের ওপারে গোলাগুলি শুরু হলে একটি গুলি তার মুখের পাশ দিয়ে মাথায় ঢুকে যায়।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় প্রথমে তাকে উখিয়া কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা থামছেই না। বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। টানা চার দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী।

অন্যদিকে, আরাকান আর্মির সঙ্গে স্থলভাগে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠী। এতে সীমান্ত পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। ওপারের বিকট বিস্ফোরণে টেকনাফের সীমান্তবর্তী গ্রামগুলো কেঁপে উঠছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ছে এপারের ঘরবাড়ি, চিংড়িঘের ও নাফ নদীতে, যা স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি— রোহিঙ্গাসহ উদ্ধার ৫০, আটক ৯

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

১ দিন আগে

বিজিবি-বিএসএফ বৈঠক ঘিরে সীমান্তে উত্তেজনা কমার আশা উত্তরাঞ্চলবাসীর

আগামী ৮ জুন ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আশা করছেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে এবং সীমান্ত পরিস্থিতির উন্নতি ঘটবে।

১ দিন আগে

গাংনীতে ৩ মাসব্যাপী ফুটবল বিতরণ করবে বসুন্ধরা শুভসংঘ

মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও মাদক থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ।

১ দিন আগে

অষ্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকায় মৃত ও প্রবাসীদের নাম, বাদ পড়েছেন কৃষকরা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণীত সরকারি সহায়তার তালিকায় মৃত ব্যক্তি, প্রবাসী এবং কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট নন— এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম তালিকায় না থাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে হাওরাঞ্চলে।

১ দিন আগে