বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ছবি: সংগৃহীত

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাড়ির গেটের কাছে থাকা গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই বজ্রপাতের পর জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের সামনের অংশে হঠাৎ আগুনের শিখা জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘বেলা ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রী মহোদয়ের বাড়িতে আগুন ধরার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, বাড়ির গেটম্যান জানিয়েছেন, গ্যাসের রাইজারে বজ্রপাতের পরই আগুনের সূত্রপাত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement