ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁও প্রতিনিধি
রোববার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ঠাকুরগাঁও সীমান্তে নিহত আসাদুল হকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ইনসেটে আসাদুল হক। ছবি: সংগৃহীত
রোববার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ঠাকুরগাঁও সীমান্তে নিহত আসাদুল হকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ইনসেটে আসাদুল হক। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আসাদুল হক দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করেছে বিএসএফ। এ ঘটনায় মোস্তাকিন (৩৪) ও উদয় চন্দ্র রায় (৩৫) নামের আরও দুই বাংলাদেশি আহত হয়ে বিএসএফের হাতে আটক রয়েছে বলে জানায় বিজিবি।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার রামনা-চান্দোহর সীমান্তের শূন্যরেখায় তিন দফা পতাকা বৈঠক শেষে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত আসাদুল হক (২৮) পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন তিনি।

বিজিবি জানিয়েছে, শুক্রবার রাত দেড়টার দিকে পীরগঞ্জের বৈরচুনা সীমান্তের চান্দেরহাট বিজিবি ক্যাম্পের ৩৩৩/২-এস পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতের প্রায় তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করেন। ওই সময় চকশিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে আসাদুল গুলিবিদ্ধ হন। তাকে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ হস্তান্তরের সময় বিজিবি-বিএসএফ কর্মকর্তা এবং পীরগঞ্জ ও ভারতের রায়গঞ্জ থানা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement