হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় সিএনজি অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখল নিয়ে গত তিন-চার দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দফা কথাকাটাকাটি ও ঝগড়ার ঘটনাও ঘটে। এর জেরে রোববার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান দুই পক্ষের শ্রমিকেরা।
সংঘর্ষ ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় তারা দোকানপাট বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও এগিয়ে আসেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় একপর্যায়ে সংঘর্ষ থামে।
এ ঘটনায় আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

-9d4e46-480x270.webp)









-47dead-256x144.webp)






