চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি— জলাবদ্ধতায় দুর্ভোগ, ভেঙেছে সড়ক

চট্টগ্রাম প্রতিনিধি
টানা বর্ষণ ও সকালের জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। টানা বর্ষণ ও সকালের জোয়ারের প্রভাবে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক ভেঙেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, গত ২৪ ঘণ্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তা এ মৌসুমের সর্বোচ্চ। সম্প্রতি সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাব যুক্ত হওয়ায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। যদিও নিম্নচাপটি এখন ভারতের ঝাড়খণ্ড ও ওডিশা এলাকায় সরে গেছে, তবু সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী অন্তত এক সপ্তাহ বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে।

জলাবদ্ধতায় সড়ক ভেঙে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ছবি: সংগৃহীত
জলাবদ্ধতায় সড়ক ভেঙে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ছবি: সংগৃহীত

রোববার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার অতি ভারী বর্ষণে রূপ নেয়। দিনভর বৃষ্টির পর রাতভর মুষলধারে বৃষ্টি হয়। মঙ্গলবার সকালেও বৃষ্টির ধারা অব্যাহত থাকে।

টানা বর্ষণে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, হালিশহর কে ও এল ব্লক, রামপুর, তিন পোলের মাথা ও বাটালি রোডসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে সকাল থেকেই নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। সড়কে রিকশা ছাড়া অন্য যানবাহনের সংখ্যা ছিল খুবই কম।

ভারী বৃষ্টির মধ্যে পতেঙ্গা এলাকায় একটি সড়ক ধসে গেছে। উড়ালসড়ক নির্মাণের জন্য তৈরি করা ওই বাইপাস সড়কটি সোমবার রাতে ভেঙে যায়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলেন, পতেঙ্গায় আউটার রিং রোডের সঙ্গে একটি উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। এ জন্য একটি বাইপাস সড়ক তৈরি করা হয়েছিল। ভারী বৃষ্টিতে সেটি ভেঙে গেছে। বর্তমানে মেরামতের কাজ চলছে।

জলাবদ্ধতার কারণে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়কে রিকশা ছাড়া অন্য যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। ছবি: সংগৃহীত
জলাবদ্ধতার কারণে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়কে রিকশা ছাড়া অন্য যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। ছবি: সংগৃহীত

এ ছাড়া ভারী বর্ষণে নগরের লালখান বাজার এলাকায় দুই থেকে তিনটি বড় গাছ উপড়ে পড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার সকালে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মেয়র। কাতালগঞ্জ আবাসিক এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, সোমবার সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি এখনো থামেনি। প্রায় ৪৮ ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে। পুরো শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।

মেয়র বলেন, যেসব এলাকায় পানি জমেছে, সেখানে খাল পুনঃখনন ও সংস্কারের কাজ চলছে। বিশেষ করে হিজড়া খাল, জামাল খান খাল, আজব বাহার খাল ও গুলজার খালে কাজ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। কিছু কাজ এখনো বাকি রয়েছে। সিটি করপোরেশনও সংশ্লিষ্ট এলাকার নালা পরিষ্কার করেছে। তবে স্থায়ী সমাধানে আরও কিছু সময় প্রয়োজন।

তিনি জানান, হিজড়া খালের প্রায় ৩০ শতাংশ কাজ এখনো বাকি। বর্ষার কারণে খালের বাঁধ খুলে দেওয়া হয়েছে। বাকি কাজ পরে শেষ করা হবে। আগ্রাবাদের গুলজার খালের কিছু কাজও অসম্পূর্ণ রয়েছে। সেগুলো শেষ হলে সেখানে আর পানি জমবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

মেয়র আরও বলেন, কাতালগঞ্জ নিচু এলাকা হওয়ায় সেখানে পানি জমেছে। তবে বৃষ্টি থেমে গেলে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পানি নেমে যাবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এদিন প্রবর্তক মোড়, বহদ্দারহাট, মুরাদপুর ও বাকলিয়ায় পানি জমেনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, রাতে খুব বেশি বৃষ্টি হয়েছে, এর সঙ্গে সকালের জোয়ার যুক্ত হয়েছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সে পরিমাণ পানি ধারণের সক্ষমতা নগরের নালাগুলোর নেই। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকাসহ বিভিন্ন স্থানে পানি দ্রুত সরিয়ে নিতে রাতভর কাজ করা হয়েছে এবং এখনো কাজ চলছে।

বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা এদিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী মঙ্গলবারের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে নতুন সময়সূচি ঘোষণা করে পরীক্ষাগুলো নেওয়া হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীতে সাধারণত ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা দেখা দেয়। গত এপ্রিলের শেষেও প্রবর্তক মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, পাঁচলাইশ আবাসিক এলাকা, জিইসি, মুরাদপুর, রহমতগঞ্জ ও সিরাজদ্দৌলা সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। পরে সমালোচনার মুখে হিজড়া ও জামাল খান খালের বাঁধ কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মে মাসের মধ্যে বাঁধ সরিয়ে চলতি বর্ষা মৌসুমের জন্য খাল দুটির সংস্কারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে