দুবাইয়ে নির্যাতিত মেয়েকে ফেরাতে মামলা করে হুমকির মুখে মা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নারায়ণগঞ্জের বন্দর বাজার এলাকা থেকে ইতি বেগম ও তার স্বামী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশকে গ্রেপ্তার করে র‍্যাব। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে নির্যাতিত হওয়া মেয়েকে ফেরাতে মামলা করে হুমকিতে পড়ার অভিযোগ করেছেন এক মা। স্থানীয় নেতাদের সহায়তায় মধ্যরাতে ডেকে নিয়ে জোর করে সমঝোতা প্রস্তাবে স্বাক্ষর করানো হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে টেলিফোনে রাজনীতিডট কমকে এসব কথা জানান ভুক্তভোগী পাঞ্চাশোর্ধ ছাহারা বেগম।

তিনি জানান, তার মেয়ে জান্নাত বেগম ফেরদৌসকে (৩৪) দুবাইয়ে পাচারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে ১ জুন মামলা করেন তিনি। তারা হলেন- ইতি বেগম (৩৬), তার স্বামী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশ (৩০) ও শিউলি বেগম। তারা নারায়ণগঞ্জ বন্দর নগর এলাকার বাসিন্দা।

গৃহস্থালীর কাজের কথা বলে এ বছরের ৮ মার্চ ফেরদৌসকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাঠানো হয়। বিদেশ যাওয়ার প্রাথমিক খরচ হিসেবে ২০ হাজার টাকা নেয় তারা। মাসে ৫০ হাজার টাকা বেতনের প্রতিশ্রুতি দেওয়ার কারণে রাজি হয় ফেরদৗস ও তাঁর হতদরিদ্র মা। কিন্তু সেখানে যাওয়ার পর ভিন্ন বাস্তবতার শিকার হন ফেরদৗস।

ছাহারা বেগম বলেন, ‘বিদেশ যাওয়ার কিছুদিন পরে মেয়ে আমাকে ফোন করে জানায়, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দিয়ে তাকে মারধর করে বাধ্যতামূলকভাবে ড্যান্স বারে নিয়োগ করা হয়েছে। তাদের কথামতো অবৈধ কাজ না করলে আসামি শিউলি বেগম মারধর করে ফেরদৗসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বিভিন্ন সময়।’

ফেরদৌস তার সঙ্গে থাকা আরো ১১ জন মেয়েকে ভিডিও কলে মাকে দেখিয়ে জানায়, তাদেরকেও শিউলি বেগম অসামাজিক কাজ করতে বাধ্য করে। তিনি যেকোনোভাবে তাকে দেশে ফেরত আনতে মা ছাহারা বেগমকে অনুরোধ করেন।

ছাহারা বেগম এরপর ইতি বেগম ও তাঁর স্বামী আকাশকে অনুরোধ করেন তার মেয়েকে ফেরত এনে দিতে। কিন্তু ফেরদৌসকে আনার জন্য তারা ৪ লাখ টাকা দাবি করেন। এরপর শিউলি বেগমকে অনুরোধ করলে তিনি ছাহারা বেগমকে অশালীন কথাবার্তা বলে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিরুপায় হয়ে ছাহারা বেগম র‍্যাব-৩ এর কাছে আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ মে অভিযান চালিয়ে ইতি বেগম ও তার স্বামী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশকে নারায়ণগঞ্জের বন্দর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এদিন বিকেলে র‍্যাব-৩ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের বরাতে তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামিদের জনশক্তি রপ্তানীর বৈধ লাইসেন্স নেই। তারা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের তরুণী ও কিশোরী নারীদের দুবাইয়ের বিভিন্ন রেস্টুরেন্ট ও বাসা-বাড়িতে উচ্চ বেতনে চাকরি এবং বিনামূল্যে থাকা-খাওয়ার লোভনীয় সুযোগ-সুবিধার কথা বলে ফাঁদে ফেলেন। দেশের বিভিন্ন এলাকার অনেক দরিদ্র নারী টাকা-পয়সা খরচ ছাড়া সচ্ছল হওয়ার আশায় দুবাইয়ে যেতে রাজি হন। এই প্রলোভনে যারা রাজি হয় তাদের চক্রটির মূল হোতা ইতি বেগমের দুবাইপ্রবাসী বোন শিউলী বেগমের কাছে পাঠানো হয়।’

জানা যায়, দুবাইয়ে মোছা. শিউলী ক্লিনিং সার্ভিসেস নামে একটি কোম্পানি আছে শিউলী বেগমের। মূলত দুবাইয়ে পাচার করা নারীদের এয়ারপোর্ট থেকে এই কোম্পানির পক্ষ থেকে রিসিভ করে নেওয়া হয়। এই কোম্পানির পক্ষে মেয়েদের ক্লিনিং সার্ভিস ভিসা দিয়ে দুবাই নেওয়া হয়। এরপর তাদের পাঠানো হয় ডান্স বারে। শিউলী বেগমের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি ও তার সহযোগীরা নারীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে অসামাজিক কাজে বাধ্য করেন।

এদের মধ্যে কেউ অসামাজিক কাজে লিপ্ত হতে অস্বীকার করলে ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং দেশে থাকা ওই নারীর পরিবারের সদস্যদের ভয়-ভীতি দেখানো হয়।

নারায়ণগঞ্জের বন্দর থানায় ১ জুন এই আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই দুই আসামি র‍্যাবের হাতে আটক হওয়ার পর ছাহারা বেগম আরও চাপে পড়েন।

ছাহারা বেগম জানান, বন্দর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সাব্বির আহমেদ ইমন, বন্দর রেললাইন পঞ্চায়েত কমিটির সভাপতি মাইনুদ্দিন মানুসহ আরো কয়েকজন আসামিদের পক্ষ নেন। ১ জুন রাতে ছাহারা বেগমকে ডেকে নিয়ে সমঝাতার জন্য জোর করে সাদা কাগজে স্বাক্ষর করায়। স্বাক্ষর করতে না চাইলে ছাহারা খাতুন ও তার মেয়ের জীবন নাশেরও হুমকি দেন তারা।

তবে এ অভিযোগ অস্বীকার করে সাব্বির আহমেদ ইমন রাজনীতি ডটকমকে বলেন, ‘বিবাদী পক্ষের অনুরোধে আমি সেখানে গিয়েছিলাম সত্য। বিষয়টি মীমাংসার মাধ্যমে মিটমাট করার চেষ্টা করি। ১০ দিনের মধ্য ফেরদৌসকে দুবাই থেকে ফেরত আনা হবে-এমন শর্তে মীমাংসা হয়। সেটা মেনে নিয়ে ওই কাগজে স্বাক্ষর করেন ছাহারা বেগম।’

‘পরে আমি জানতে পারি মানবপাচার মামলা মীমাংসার অযোগ্য। এজন্য আমি ওই কাগজ ছিড়ে ফেলেছি। বিবাদী পক্ষকে বলেছি যে, যেহেতু মামলা হয়েছে, এর সমাধান আদালত দেবেন। এর বাইরে আমি কিছু জানি না। ছাহারা বেগমকে হুমকি দেওয়ার ঘটনাও সত্য নয়,’ যোগ করেন তিনি।

এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা রাজনীতি ডটকমকে বলেন, ‘এই মামলায় দুইজন আসামি আটক আছে। আমরা তাদের দুই দিনের রিমান্ড আবেদন করেছিলাম, আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

ছাহারা বেগমকে হুমকি দেওয়ার বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে ওসি বলেন, এমন কিছু ঘটলে তার উচিত ছিল আমাকে জানানো। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৭ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে