‘নির্বাচন বানচালের চেষ্টা চলবে’, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৫১
মঙ্গলবার সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য নানা ধরনের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, যেন নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে। সামনে আরও আসবে। এ জন্য আমাদের আরও সতর্ক হতে হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলের কাছে প্রধান উপদেষ্টা পরামর্শ চেয়েছেন।

প্রেস সচিব আরও বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, আনন্দ ও উৎসবমুখরভাবে নির্বাচন হবে। যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি, তাদের জন্য এ নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা আগে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে তাতে ভোট দিতে দেওয়া হয়নি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এবারের নির্বাচন অনন্য নির্বাচন। এটি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়, এটি এ দেশের সব মানুষের, সব রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচন ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষার নির্বাচন।’

Political-Parties-Meet-CA-At-Jamuna-01-Photo-02-09-2025

মঙ্গলবার সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

‘এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের, নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার। এ নির্বাচন অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই,’— রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন প্রধান উপদেষ্টা।

সবাইকে অনড় থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘পদে পদে বাধা আসবে। সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি। সবাই একসঙ্গে সহযোগিতা করি।’

প্রেস সচিব জানান, দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্যও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেছেন, গণ্ডগোল তৈরির চেষ্টা করবে অনেকেই। তারা সব ধরনের চেষ্টা করবে। এ বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। গতবারের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা হবে বলে আশাবাদ জানান প্রধান উপদেষ্টা।

নির্বাচন সমন্বয় কমিটির প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে মন্তব্য জানতে চাইলে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা প্রতিটি পরামর্শ লিখে নিয়েছেন। সে অনুযায়ী তিনি নির্দেশ দিয়েছেন। বলেছেন, এগুলো নিয়ে সামনে আরও বৈঠক হবে।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশের বিষয়ে একাধিক রাজনৈতিক দল আশঙ্কার কথা জানিয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রেস সচিব বলেন, নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, এটা অনন্য নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। আমরা সবাই পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে যাব। এ উৎসব যেন সারাজীবন মনে রাখে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৫ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রাম-রাঙামাটিতে বুধবারের এইচএসসি স্থগিত

প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় ব্যাপক ভুগতে হয়েছে নগরবাসীকে। এমনকি নগরীর বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়।

১৩ ঘণ্টা আগে

সাবেক এমপি হারুন ও পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ইমন গাজী নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমাদুল করিম।

১৮ ঘণ্টা আগে

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসারি ও অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষায় অপরাধ-সংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এসব অপরাধের সাজা হবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। একই সঙ্গে বিলে উত্তরপত্রের অন্যায্য মূল্যায়নের সাজার বিধানও রাখা হয়েছ

১৯ ঘণ্টা আগে