খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

ক্যাডেট কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। খেলার একপর্যায়ে হঠাৎ মাঠে উপুড় হয়ে পড়ে যান তিনি। বন্ধুরা ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রাত সোয়া নয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকেরা আশরাফুল আফসারকে মৃত ঘোষণা করেন। এ সময় তার ক্যাডেট কলেজের বন্ধু ও ব্যাচমেটরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
আশরাফুল আফসারের বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। আজ শনিবার দুপুরে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
মাঠের একটি ভিডিওতে দেখা যায়, শুক্রবার রাতে ফুটবল খেলার একপর্যায়ে হঠাৎ উপুড় হয়ে পড়ে যান আফসার। তাকে ঘিরে ধরে বন্ধুরা কেউ বুকে চাপ দিতে থাকেন, কেউ মুখে বাতাস দেওয়ার চেষ্টা করেন। কেউ তাঁকে পানি দেন। কিছুক্ষণ পরও তার নড়াচড়া না থাকায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা আশরাফুল আফসারের আকস্মিক মৃত্যুতে তার বন্ধু ও ব্যাচমেটদের মধ্যে শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণা করছেন অনেকে। কয়েকজন বন্ধু জানিয়েছেন, যুগ্ম সচিব পদে পদোন্নতি না হওয়ায় তিনি হতাশ ছিলেন।
চিকিৎসক আবদুন নূর তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনেকবার অনেক জায়গায় বলেছি, বাধ্যতামূলকভাবে সকলকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দিতে। তামিম ইকবাল বেঁচেছিল এ কারণে। আর সরকারি কর্মকর্তা বাঁচলেন না!’
আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। শোকবার্তায় তিনি আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।












-c26956-256x144.webp)




