সুনামগঞ্জ, ঠাকুরগাঁও সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২: ২২

সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনা থামছেই না। এবার সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে এক রাতেই ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে এবং আজ শনিবার (১২ জুলাই) ভোরে ঠাকুরগাঁওয়ের মিনাপুর সীমান্তে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, দোয়ারা বাজারের বাগানবাড়িতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন ও বিজিবির বরাতে দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শুক্রবার রাতে শফিকুল ইসলামসহ ১০-১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যায়। এ সময় বিএসএফ টহল দলের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে শফিকুল গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে বাড়িতে নিয়ে আসে। স্বজনরা শফিকুলকে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদুল বলেন, নিহত শফিকুল সরাসরি বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। তার মরদেহ হাসপাতালে আছে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, 'আমরা এ ঘটনায় বিবৃতি ও পতাকা বৈঠক আহ্বান করে প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে।'

এদিকে দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, শনিবার ভোরে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত আসকর আলী (২৪) হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।

মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ঘটনা ঘটে। নিহতের মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে আছে।

স্থানীয় সূত্রের বরাতে বিজিবি জানায়, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে আসকর আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান।

এ সময় ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আসকর আলী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে, ভারতের সীমান্তেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস

বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ হিসেবে এই দিনটি পালিত হলেও, এর পেছনে রয়েছে এক মেয়ের বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামের ইতিহাস।

৫ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ

৬ ঘণ্টা আগে

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফরটি সম্পন্ন হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্

৬ ঘণ্টা আগে

যেসব ঘটনায় আলোচনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মীর শাহে আলম বগুড়া-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত এমপি এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। সংসদে দেওয়া বিবৃতিতে ও পরে প্রেস রিলিজ দিয়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন।

১৬ ঘণ্টা আগে