কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, বাসিন্দারা খোলা আকাশের নিচে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পাঁচ ঘণ্টারও বেশি সময় পরে নিয়ন্ত্রণে আসে কড়াইল বস্তির আগুন। ছবি: সংগৃহীত

পাঁচ ঘণ্টারও বেশি সময় পরে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীসংলগ্ন কড়াইল বস্তির আগুন। তবে আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ অবস্থায় বস্তিবাসী আশ্রয় নিয়েছে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠসহ আশপাশের বিভিন্ন স্থানে। খোলা আকাশের নিচে রাত কাটছে তাদের।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম এক বার্তায় জানিয়েছেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়েছিল ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে একে একে আরও ১৩টি ইউনিট সেখানে গিয়ে কাজে যোগ দেয়। সব মিলিয়ে ২০ ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টারও বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সা‌র্ভিস সদর দপ্তরের মি‌ডিয়া সে‌লের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, যানজটের কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে রওয়ানা দেওয়া ইউনিটগু‌লো পৌঁছাতে আধা ঘণ্টারও বেশি সময় লেগে যায়। পরে বস্তিতে সরু রাস্তা ও যানজটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনার কাজও বাধাগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বস্তিবাসীর দাবি, নাশকতা করে তাদের বস্তিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে কয়েক শ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন তারা। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যও নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

আগুনে সর্বস্বান্ত, রাত কাটছে খোলা আকাশের নিচে

কড়াইল বস্তির বাসিন্দারা বলছেন, আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে তারা কিছুই উদ্ধার করতে পারেননি। সবার সহায়-সম্বল যা কিছু ছিল, সবই আগুনে পুড়ে ছাই হয়েছে।

বস্তির বা‌সিন্দা রাজমিস্ত্রি জয়নুল বলেন, আগুন লাগার সময় বস্তিতে ছিলাম না। বউ-বাচ্চা ঘরেই ছিল। শুনেছি তারা আগুন লাগার পর বেরিয়ে যেতে পেরেছে। তবে ঘর থেকে কিছুই নিয়ে বের হতে পারেনি। সবকিছু পুড়ে ছাই হয়েছে। বউ-বাচ্চার সঙ্গে এখনো দেখাও হয়নি।

বস্তির আরেক বাসিন্দা লাভলী বেগম বলেন, আগুনে পুড়ে সব শেষ। সাত বছর ধরে বস্তিতে আছি। অনেক কষ্টে তিল তিল করে জিনিসপত্র কিনেছিলাম। ঘরে টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র কিনেছিলাম। মাসে মাসে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। আগুনে আমার সব শেষ হয়ে গেল।

রাত ১২টার দিকে কড়াইল বস্তি এলাকায় গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে কাজ করছেন। বস্তির বাসিন্দাদের কেউ কেউ আশপাশে অবস্থান করছিলেন। ফায়ার সার্ভিসের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না।

উপস্থিত বস্তির বাসিন্দারা জানালেন, ঘরদোর হারানো মানুষ মহাখালীর টিঅ্যান্ডটি মাঠসহ এরশাদ স্কুলমাঠ ও খামারবাড়ি ঈদগাহ মাঠে আশ্রয় নিয়েছেন। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাদের। আগুন লাগার সময় ঘর থেকে সামান্য যা কিছু নিয়ে বের হতে পেরেছেন, সেগুলো সঙ্গে নিয়েই খোলা আকাশের নিচে রয়েছেন তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১৭ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

১৮ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

১৯ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

১৯ ঘণ্টা আগে