সাংবাদিক ছেলের জন্য পিতার দীর্ঘতম রাত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হামলা-ভাঙচুরের পর বৃহস্পতিবার রাতভর আগুনে পুড়েছে ডেইলি স্টার ভবন। ছবি: রাজনীতি ডটকম

সাংবাদিক বাবার সন্তানও সাংবাদিক। কাজ করেন ডেইলি স্টারে। দেশের অন্যতম সেরা গণমাধ্যম প্রতিষ্ঠান। সাংবাদিকতার সব ঝুঁকি মেনেও বাবা তাই সন্তানকে নিয়ে অনেকটা নিশ্চিন্ত, গর্বিত।

সাংবাদিক সন্তানের সেই সাংবাদিক বাবার নির্ঘুম রাত রাত কেটেছে, উদ্বেগে ভরা দীর্ঘতম এক রাত। সন্তান যখন পত্রিকা অফিসে ডিউটিতে, তখন যে ভাঙচুর চালানো হয়ে সেখানে, লাগানো হয়েছে আগুন। টিভি-অনলাইন, ফেসবুক-ইউটিবে কেবল দেখছেন— দাউ দাউ করে জ্বলছে সন্তানের কর্মস্থল, ছেলে ভেতরে আটকা সহকর্মীদের সঙ্গে।

সন্তানের জন্য মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত দীর্ঘ অপেক্ষার প্রহরের সে অনুভূতি তুলে ধরেছেন ডেইলি স্টারের প্রতিবেদক আহমেদ দীপ্তর বাবা আহমেদ জহুর। সন্তানকে ফিরে পেয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ফেসবুকে লিখেছেন সেই ‘বীভৎস’ রাতের কথা।

সকাল ৮টা ১৯ মিনিটে ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাসে আহমেদ জহুর লিখেছেন, ‘এক বীভৎস রাত পাড়ি দিলাম। বড় ছেলে আহমেদ দীপ্ত এইমাত্র বাসায় ফিরল। সারা রাত আগুন আর ধোঁয়ার কুণ্ডলীতে শরীরটা কালচে হয়ে গেছে।’

আহমেদ জহুর জানান, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে সেনাবাহিনী আহমেদ দীপ্তসহ তার সহকর্মী কয়েকজনকে উদ্ধার করে। এ সময় নিউ এজ সম্পাদক নূরুল কবীরকেও তারা উদ্ধার করে। নূরুল কবির ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে গেলে তার ওপরও হামলা হয়।

আহমেদ জহুর লিখেছেন, ‘ডেইলি স্টারের ছাদে আটকে পড়া অন্যান্য সাংবাদিকের পিতা-মাতাও আমাদের মতো সারা রাত উদ্বিগ্ন সময় কাটিয়েছেন। সমবেদনা রইল।’

এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকার শাহবাগসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। প্রথম আলো-ডেইলি স্টারকে ‘ভারতের দালাল ও সহযোগী’ অভিহিত করে প্রতিষ্ঠান দুটিতে হামলার আহ্বান জানানো হয় অনলাইনে।

এরপর মধ্যরাতে শাহবাগ থেকে মিছিল নিয়ে গিয়ে প্রথমে প্রথম আলোর কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। সেখান থেকে একই বিক্ষোভকারীরা গিয়ে হামলা-ভাঙচুরের পর আগুন দেয় ডেইলি স্টার ভবনে।

অগ্নিদগ্ধ ডেইলি স্টার ভবন। ছবি: রাজনীতি ডটকম
অগ্নিদগ্ধ ডেইলি স্টার ভবন। ছবি: রাজনীতি ডটকম

নিজের ও সন্তানের জীবনের অভিজ্ঞতায় দেশের সাংবাদিকতা নিয়ে আক্ষেপ করে আহমেদ জহুর লিখেছেন, ‘সাংবাদিকতার জগতে আমাদের ভাগ্যটাই খারাপ। এরশাদ আমলে ১৯৮৮ সালে পল্টন মোড়ে আমি পুলিশের হাতে প্রহৃত হয়েছিলাম। আমার ছেলে প্রথম আলোয় থাকাকালে ২০১৮ সালে ছাত্রলীগের হেলমেট বাহিনীর হাতে প্রহৃত হয়ে স্কয়ার হাসপাতালে ৫৫ দিন চিকিৎসাধীন ছিল।’

‘এখন সে কাজ করে ডেইলি স্টারে। গতকাল রাতে তার লেট নাইট ছিল। উগ্রবাদী জনতা (আমি তৌহিদি শব্দ বলতে চাই না) ফার্মগেটে পত্রিকাটির অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল।’

আহমেদ জহুর আরও লিখেছেন, ‘আল্লাহ আমার সন্তানকে আগুন আর পশুদের হাত থেকে রক্ষা করেছেন, এতেই আমরা এখন খুশি। আমার অসংখ্য বন্ধু, শুভাকাঙ্ক্ষী সারারাত জেগে আমাদের খোঁজখবর নিয়েছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। মহান আল্লাহ যেন এইসব গণ্ডমূর্খ পশুদেরকে হেদায়েত করেন।’

ডেইলি স্টারে কর্মরত সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন লাগানোর সময় ভেতরে ২৫-৩০ জন সংবাদ কর্মী আটকা পড়েন। আগুন-ধোঁয়ায় তারা একসময় ছাদে গিয়ে আশ্রয় নেন। পরে ভোরের দিকে ক্রেন দিয়ে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মানুষকে সুবিচারের নিশ্চয়তা দিতে চাই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অতীতে রাজনীতি বা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের যে ব্যর্থতা ছিল, তা কাটিয়ে উঠে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই।

৫ ঘণ্টা আগে

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে ব্রিটিশ রাজা চার্লসের অভিনন্দন

চিঠিতে রাজা চার্লস বলেন, আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি ও আমার স্ত্রী রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দুই দেশের মধ্যকার সেই চিরস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করছি, যা আমাদের কমনওয়েলথকে সংজ্ঞায়িত করে এমন

৬ ঘণ্টা আগে

স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

৬ ঘণ্টা আগে

জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ-ফ্লাইপাস্ট

দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হচ্ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।

৬ ঘণ্টা আগে