ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, সেপ্টেম্বরেই ১০৪ প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১০৪ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের সর্বোচ্চ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৭৯ জন। আর দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৫ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭ জন, খুলনায় ২৮০ জন, ময়মনসিংহে ১১৩ জন, রাজশাহীতে ১৫৬ জন, রংপুরে ৫৯ জন এবং সিলেটে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৫৭ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬২ হাজার ১১৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়েছিল।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।










-2e9586-256x144.webp)






