দেশে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা ১০০ পেরিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সংখ্যা এখন পর্যন্ত অন্তত ১০২ জন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।
গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর খবর স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত ১২ জানুয়ারি। ওই মাসে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়। পরের মাস ফেব্রুয়ারিতেও দুজন মারা যান ডেঙ্গু সংক্রমণ নিয়ে। এরপর মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। পরে মে মাসে ডেঙ্গু নিয়ে মারা গেছেন একজন, জুনে ১৩ জন।
জুলাইয়ে সারা দেশের ডেঙ্গুর প্রকোপ ব্যাপক বেড়ে যায়। ওই মাসে ৩৬ জন ডেঙ্গু সংক্রমণ নিয়ে মরা গেছেন। পরের মাস আগস্টেও ডেঙ্গুর সংক্রমণ আরও তীব্রভাবে ছড়িয়ে পড়ে। এ মাসে ডেঙ্গু নিয়ে মৃত্য হয় ৪৩ জনের। আর সেপ্টেম্বর মাস শুরুই হলো ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু দিয়ে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, এর আগে গত সোমবার এক হাজার ১৬৩ জন, রোববার এক হাজার ৯৭ জন ও শনিবার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে।


















