দেশের পোলট্রিতে অ্যান্টিমাইক্রোবিয়াল আন্তর্জাতিক মানের চেয়ে বেশি— জানাল লন্ডনে গবেষণা

ডেস্ক, রাজনীতি ডটকম
পোলট্রি মুরগির খামার। ছবি: সংগৃহীত

দেশের পোলট্রি মুরগির মাংসে আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি পাওয়া গেছে বলে উঠে এসেছে এক গবেষণায়। বেড়ে ওঠার সময়ে এসব মুরগিকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, মূলত তারই কিছু অংশ মাংসেও থেকে গেছে।

যুক্তরাজ্যভিত্তিক পোর্টাল পোলট্রিনিউজ ডটকো ডটইউকের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের রয়্যাল ভেটেরিনারি কলেজ এ গবেষণা পরিচালনা করেছে। দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় গবেষণায় বাংলাদেশের পাশাপাশি ভারত ও উত্তর ভিয়েতনামের মুরগির মাংসের নমুনাও পরীক্ষা করা হয়। ওই দুই দেশের ক্ষেত্রেও একই ফলাফল মিলেছে।

অ্যান্টিমাইক্রোবিয়াল মূলত এক ধরনের অণুজীবনাশক। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকসহ নানা ধরনের পরজীবীদের চিকিৎসায় ওষুধ হিসেবে এটি ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস, অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিপ্যারাসাইটিক বহুল ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের উদাহরণ।

বিজ্ঞানীরা বলেন, নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণে বা অনিয়ন্ত্রিত মাত্রায় অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি মানব শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) তৈরি করে। এ ক্ষেত্রে প্রচলিত অ্যান্টিবায়োটিক বা অন্যান্য অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ আর কাজ করে না। এএমআরকে বর্তমান বিশ্বের অন্যতম বড় একটি জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কী পাওয়া গেছে গবেষণায়?

রয়্যাল ভেটেরিনারি কলেজের গবেষকরা বলছেন, এশিয়ার একাধিক দেশে একই পরীক্ষাপদ্ধতি ব্যবহার করে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মূল্যায়নের প্রথম দিকের গবেষণাগুলোর একটি তাদের এই গবেষণা। এর জন্য ২০২১-২২ সালে বাংলাদেশ, ভারত ও উত্তর ভিয়েতনাম থেকে ৫৫৮টি ব্রয়লার মুরগির বুকের মাংসের নমুনা সংগ্রহ করা হয়। খামার ও খুচরা বিক্রয়কেন্দ্র— উভয় স্থান থেকেই নমুনা নেওয়া হয়। খামার থেকে নেওয়া নমুনার মুরগিগুলো বাজারের বিক্রির উপযোগী হয়ে উঠেছিল।

নমুনা সংগ্রহের পর সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির পরীক্ষাগারে ইউরোপীয় ইউনিয়নের রেফারেন্স ল্যাবরেটরির মানদণ্ড অনুসরণ করে পশুচিকিৎসায় ব্যবহৃত ৬৯ ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের উপস্থিতি পরীক্ষা করা হয়।

ফলাফলে দেখা যায়, কিছু বিক্রয়কেন্দ্রে ৩ দশমিক ৭ শতাংশ থেকে ৮ দশমিক ৬ শতাংশ নমুনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বোচ্চ অবশিষ্টাংশের সীমা অতিক্রম করেছে। তুলনামূলকভাবে ২০২১-২২ সালে ইউরোপীয় ইউনিয়নে এই হার ছিল মাত্র শূন্য দশমিক শূন্য ৫ থেকে শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ।

গবেষকদের মতে, এই পার্থক্য ইঙ্গিত দেয়, অনেক ক্ষেত্রে জবাইয়ের খুব কাছাকাছি সময়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতে পারে। এ ছাড়া মুরগির খাদ্য বা পানির মাধ্যমেও কিছু অবশিষ্টাংশ আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

কেন এটি জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ?

অ্যান্টিবায়োটিক পশুপাখির রোগের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয়। কিন্তু ওষুধ প্রয়োগের পর নির্দিষ্ট সময় অপেক্ষা না করে প্রাণী জবাই করলে সেই ওষুধের কিছু অংশ মাংসে থেকে যেতে পারে। এই অপেক্ষার সময়কে 'উইথড্রয়াল পিরিয়ড' বলা হয়।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খাদ্যের মাধ্যমে অল্পমাত্রায় অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আসা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বাড়াতে ভূমিকা রাখতে পারে। এএমআর এমন একটি পরিস্থিতি, যেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য জীবাণু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে আগে কার্যকর ওষুধ দিয়ে সংক্রমণের চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু বছর ধরেই এএমআরকে বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য হুমকি হিসেবে বিবেচনা করছে। অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণ বাড়তে থাকলে সাধারণ সংক্রমণ, অস্ত্রোপচার, ক্যান্সারের চিকিৎসা কিংবা অঙ্গ প্রতিস্থাপনের মতো চিকিৎসাও আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের জন্য কী বার্তা?

গবেষণাটি বাংলাদেশের সব ধরনের মুরগির মাংসের প্রতিনিধিত্ব করে— এমন দাবি গবেষকেরা করেননি। তবে আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত এই গবেষণা দেখিয়েছে, বাংলাদেশের পোলট্রি উৎপাদনব্যবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ওপর আরও কার্যকর নজরদারি, নিয়মিত অবশিষ্টাংশ পরীক্ষা ও খামারিদের মধ্যে উইথড্রয়াল পিরিয়ড সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

এটি শুধু জনস্বাস্থ্যের জন্য নয়, দেশের পোলট্রি শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করতে না পারলে ভবিষ্যতে রপ্তানি হুমকির মুখে পড়তে পারে।

গবেষকরা যা বলছেন

গবেষণার প্রধান গবেষক, আরভিসির ভেটেরিনারি ক্লিনিক্যাল ফার্মাকোলজি ও অ্যানেসথেশিয়ার অধ্যাপক লুডোভিক পেলিগাঁ বলেন, এশিয়ায় একই মানসম্মত পরীক্ষাপদ্ধতি ব্যবহার করে একাধিক দেশের মধ্যে অ্যান্টিবায়োটিক অবশিষ্টাংশের তুলনামূলক তথ্য আগে ছিল না। এই গবেষণা সেই শূন্যতা পূরণ করেছে।

তার ভাষায়, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত এই গবেষণা পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের অবশিষ্টাংশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং স্থানীয় পর্যায়ে খাদ্যনিরাপত্তা উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশা করছেন।

এ গবেষণার ভিত্তিতে গবেষক দল এখন নতুন একটি প্রকল্প শুরু করছে, যা যুক্তরাজ্যের গবেষণা ও উদ্ভাবন সংস্থার অর্থায়নে পরিচালিত হচ্ছে। এতে যুক্তরাজ্য ও ভিয়েতনামের গবেষকেরা যৌথভাবে খতিয়ে দেখবেন, পোলট্রি উৎপাদনের বিভিন্ন ধাপে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ধরন কীভাবে মাংসে অবশিষ্টাংশ তৈরি করে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বৃদ্ধিতে কী ভূমিকা রাখে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement