মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, কলেজ তদারকি, পরীক্ষা ব্যবস্থা ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে নানা অসংগতি তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে শুধু মন্ত্রণালয়ের অনুমোদন বা সহযোগিতার ওপর নির্ভর করলে চলবে না। নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার নির্ধারণ করে উদ্যোগ নিতে হবে। তার ভাষায়, ‘শুধু মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা আর চলবে না। ট্রিগার আমিও টানতে জানি।’

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও কাজের ফলাফল সরকার দেখতে চায়।

মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়টির বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীদের জন্য বাজারের চাহিদা অনুযায়ী কোর্স চালু, শিক্ষকদের প্রশিক্ষণ, কারিকুলাম আধুনিকীকরণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের অধীন ২ হাজার ৩০৭টি কলেজের শিক্ষা কার্যক্রম যথাযথভাবে তদারকির ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, কোন কলেজে কী পড়ানো হচ্ছে, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি কেমন এবং তাদের মধ্যে যোগাযোগের অবস্থা কী— এসব বিষয়ে নজরদারি থাকা প্রয়োজন। শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পাঠদান ও উপস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে সরকার।

অনার্স ও মাস্টার্স চালুর ক্ষেত্রেও যথাযথ পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এমন কলেজও রয়েছে, যেখানে এক বা দুজন শিক্ষার্থী থাকা সত্ত্বেও কোনো বিষয়ে অনার্স চালু রয়েছে। আবার কোথাও শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতও ঠিক নেই। এসব তথ্য যথাযথভাবে মন্ত্রণালয়কে জানানো হয়নি।

পরীক্ষা ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে এমন কিছু বিষয় দেখেছেন, যা তাকে হতাশ করেছে। পরীক্ষার ব্যবস্থাপনা আরও কঠোর করতে হবে।

এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এবার পুনর্নিরীক্ষণে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এতে খাতা মূল্যায়নে ত্রুটি ছিল কি না, সেই প্রশ্ন উঠেছে। পরীক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি খাতা মূল্যায়নে ভুল হলে সংশ্লিষ্ট পরীক্ষককে জবাবদিহির আওতায় আনতে হবে।

প্রশ্ন প্রণয়ন পদ্ধতিতেও পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রীর ভাষ্য, ১০০ জন শিক্ষককে দিয়ে প্রশ্ন তৈরি করালে ৯০ জনের প্রশ্নের মধ্যে মিল পাওয়া যায়। গাইড ও নোট বইয়ের সঙ্গেও প্রশ্নের মিল দেখা যায়। এ অবস্থায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রশ্ন প্রণয়নের বিষয়টি ভাবতে হবে।

এবারের বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু বড় বাজেট পেলেই হবে না, সেই অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রতিটি টাকা, প্রতিটি পয়সার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কিছুদিন আগে রবীন্দ্রভারতীতে বাংলাদেশ ভবন নির্মাণের জন্য ৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি জন্মবার্ষিকী আয়োজনের জন্য ১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। অথচ বৈজ্ঞানিক সরঞ্জাম ও ল্যাবরেটরির জন্য অর্থের প্রয়োজন হলে মন্ত্রণালয়ের অনুমতির জন্য আসতে হচ্ছে। প্রতিষ্ঠানকে নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার নির্ধারণ করে সে অনুযায়ী উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা প্রতিষ্ঠানে পরিণত করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষক— দুই পক্ষই মেধাবী। মূল সমস্যা ব্যবস্থাপনা, সমন্বয় ও সঠিক দিকনির্দেশনার অভাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

১ ঘণ্টা আগে

৮-২৯ অক্টোবর ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়ন এবং প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদম

২ ঘণ্টা আগে

‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে মাহদী আমিনের সঙ্গে ইফতেখারুজ্জামানের দ্বিমত

গত সাত মাসে দেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি— প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিনের এমন বক্তব্যের সঙ্গে একমত নন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি— এমন দাবি করার মতো তথ্

২ ঘণ্টা আগে

ইউপি নির্বাচনের ঘোষিত সময়সূচি ‘একেবারেই প্রাথমিক’: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের বিষয়ে কোনো পাল্টা মন্তব্য করতে রাজি হননি ইসি সচিব। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না। নো কমেন্টস ফ্রম মাই সাইড।’

৩ ঘণ্টা আগে
Advertisement