জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। পিআইডি ফাইল ছবি

দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সরকারদলীয় পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। বিরোধী দলকেও পাঁচজনের নাম দিতে আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী এ কমিটির প্রস্তাব ও সরকারি দলের পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।

এ কমিটিতে সরকারি দলের যে পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; এবং সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা তারেক রহমান বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা, যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের ও দেশের মানুষের স্বার্থে যে কারও সঙ্গে যেকোনো আলোচনা করতে প্রস্তুত।

বিশেষ কমিটি গঠনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার (স্পিকার) মাধ্যমে বিরোধীদলীয় নেতা ও বিরোধী দলকে অনুরোধ করব, উনারাও যদি পাঁচ জনের নাম দেন, তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এ বিষয়গুলো আলোচনা করতে পারে।

তারেক রহমান বলেন, কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছে আসবে। সে পরামর্শে কোনো বাস্তবতা থাকলে সরকার অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ নেবে।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এই কমিটির সভাপতি করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সরকারের সঙ্গে বসে সমাধান খোঁজার প্রস্তাব দিয়েছিলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর শফিকুর রহমান তাকে ধন্যবাদ জানান। বলেন, আমরা আশা করি, এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাল্লাহ।

বিরোধী দলের পক্ষ থেকেও এ কমিটির জন্য দ্রুতই পাঁচ সদস্যের নাম দেওয়া হবে বলে জানান জামায়াত আমির।

পরে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, সরকার ও বিরোধী দলের এ ধরনের সহযোগিতার বার্তায় জনগণের মনে অনেক আশা সঞ্চার হয়েছে। অল্প সময়ের মধ্যেই বিরোধী দলও তাদের পাঁচ সদস্যের নাম দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

৮ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৮ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৮ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৯ ঘণ্টা আগে
Advertisement