বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত অন্তত ১০

বরিশাল প্রতিনিধি
বুধবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কয়েক দফায় পালটাপালটি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ‘অদম্য জুলাই’ শীর্ষক শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। একাডেমিক ভবনের নিচতলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপাচার্যের বাসভবনের ফটকের দিকে যাওয়ার সময় এতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে আপত্তি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে কয়েক দফায় পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, এতে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আশিক আহমেদ দাবি করেন, ছাত্রশিবির বহিরাগত ব্যক্তিদের নিয়ে লাঠির সঙ্গে পতাকা বেঁধে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে। বহিরাগতদের নিয়ে কর্মসূচি পালন না করার অনুরোধ করলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের ওপর হামলা চালান। এতে ছাত্রদলের পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। শোভাযাত্রা উপাচার্যের বাসভবনের ফটকের দিকে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে ছাত্রশিবিরের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শিবির নেতা জাকারিয়া ইসলামের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে সংঘর্ষ থামাতে পারেননি। এ ঘটনায় বিচার চেয়ে তারা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান দুপুর ১২টার দিকে জানান, তিনি আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি নিয়ে ব্যস্ত আছেন। ঘটনার বিস্তারিত পরে জানাবেন।

বরিশাল মহানগর পুলিশের সহকারী উপকমিশনার বেলাল হোসেন বলেন, ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি মাদরাসা-ই-আলিয়ায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের পর এটিই দুই ছাত্রসংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

ওই দিন দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ শুরু হয়ে পরে ঢাকা কলেজ ও সরকারি মাদরাসা-ই-আলিয়ায় ছড়িয়ে পড়ে। তিনটি প্রতিষ্ঠানে সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন এবং সন্ধ্যা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে।

এর আগে সোমবারও রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে টানা তিন দিনে দেশের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রংপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুবুর, ঊর্ধ্বতন আরও ১৬ কর্মকর্তাকে বদলি

এ প্রজ্ঞাপনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে র‍্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি ও এপিবিএনের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

৩ ঘণ্টা আগে

একরামুল হত্যা মামলায় বদি ও ৩ সেনা কর্মকর্তা কারাগারে

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বাদে কারাগারে যাওয়া তিনজন হলেন— ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম ও অবসরপ্রাপ্ত কর্নেল মো. আনোয়ার লতিফ খান।

৩ ঘণ্টা আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন জনগণের তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

এসব বিধান উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় টেকনোক্র‍্যাট কোটায় তার (হুমায়ুন কবির) নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান প্রকাশ না করে প্রতিমন্ত্রীর পদ গ্রহণের মাধ্যমে তিনি নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছেন।

৭ ঘণ্টা আগে

চীনের তৈরি যুদ্ধবিমান কিনবে সরকার: তথ্য উপদেষ্টা

উপদেষ্টা আরও বলেন, সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার, সেটি রাফালের সঙ্গে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে, যে রাফালকে এখন বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটি। ফলে বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।

৮ ঘণ্টা আগে