নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিনের জামিন
-9c3647-480x270.webp)
রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামী ২৮ অক্টোবর ধার্য তারিখ পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান এ তথ্য জানান। এর আগে রিমান্ড শেষে গোলাম মহিউদ্দিনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন। আসামিপক্ষে জামিনের শুনানি করেন ঢাকার বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান।
গত ৩০ সেপ্টেম্বর সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১ অক্টোবর তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠান আদালত।
গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পের ভেতরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এতে গোলাম মহিউদ্দিনসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
নিউ গিনি আবাসন প্রকল্পের কর্মকর্তারা ও তদন্তসংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভাষ্য, প্রকল্পের পাশের ৩৫ কাঠা জমিতে আবাসন প্রকল্প করা নিয়ে বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। ওই জমিতে গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ কয়েকজন আবাসন প্রকল্প করতে চাইছেন বলে তাঁদের ভাষ্য। তবে জমিটির চারপাশে চলাচলের উপযোগী সড়ক না থাকায় নিউ গিনি প্রকল্পের এক নম্বর ফটক দিয়ে যাওয়া সড়কটিই সেখানে যাতায়াতের একমাত্র পথ।
ঘটনার পরদিন সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জমি নিয়ে বিরোধের কথা উল্লেখ করেছিলেন। তাঁর ভাষ্য, মানিকদী এলাকায় প্রায় ৩৫ কাঠা বিতর্কিত জমির মালিকানা নিয়ে নিউ গিনি প্রপার্টিজ নামের একটি বিল্ডার গোষ্ঠী ও একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমি রাতে এক পক্ষ দখলে নিতে গেলে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয় বলে তিনি জানিয়েছিলেন।
















