শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে, ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
শামা ওবায়েদ ইসলাম | ছবি: সংগৃহীত
শামা ওবায়েদ ইসলাম | ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও এ বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি ব‌লেন, শেখ হাসিনাকে ফেরা‌তে আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছে। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয়, ভারত সরকার সেদিকে নজর দেবে বলে আমরা আশা করি।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এর আগে শনিবার (৩ অক্টোবর) ঢাকায় এক‌টি অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর এক‌ মন্তব্যের প‌রি‌প্রেক্ষি‌তে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন প্রতিমন্ত্রীকে।

প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব কি না— জান‌তে চাই‌লে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র সফরে ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। হাইটেক কোম্পানিগুলো বিনিয়োগ বা যৌথ উদ্যোগে এলে এর সুফলও পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগামী তুরস্ক সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর তুরস্ক সফর রয়েছে। তবে কখন, কোথায় সফর হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

এর মধ্যে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে, প্রধানমন্ত্রী সানফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এফবিআইয়ের মামলা বা ভিসা জটিলতার কারণে যেতে পারেননি।

এ গুঞ্জন নাকচ করে শামা ওবায়েদ বলেন, গুঞ্জনে কান দেওয়া ঠিক নয়। আপনারা মিডিয়ার প্রতিনিধিরা সত্য যাচাই করে খবর প্রকাশ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। কারণ গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি জাতিসংঘ সফরও তিনি সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবে সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক শেষে তিনি দেশে ফিরেছেন।

শামা ওবায়েদ জানান, সানফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রীর যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। বরং সেখানে আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও তার নিজের সমন্বয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা ছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement