অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লা প্রতিনিধি
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি: সংগৃহীত
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি: সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছে পুলিশ সুপারের কার্যালয়। এখন পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা মামলাটির তদন্ত করবেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

মামলাটির তদন্ত শুরু করেছিলেন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি বলেন, এখন থেকে থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ মামলাটির তদন্ত করবেন। আজকালের মধ্যে মামলার যাবতীয় নথি তার কাছে হস্তান্তর করা হবে।

নতুন দায়িত্ব পাওয়া রাজিব আহমেদ বলেন, ‘পুলিশ সুপারের কার্যালয় থেকে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ হয়েছে। নথিপত্র পাওয়ার পর তদন্ত কাজ শুরু হবে। আশা করি, তদন্তের পর দ্রুততম সময়ে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করতে পারব।’

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম। সে কোটবাড়ী এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরদিন ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পরের দিন পুলিশ দাবি করে, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।

অপ্রতিম হত্যা মামলায় বাদী হয়েছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুজনকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement