আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরুর আদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি নিয়ে ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ মামলায় আসামিপক্ষের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে বুধবার (৬ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দেওয়া এ ঘটনার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) ও সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৭ আগস্ট দিন নির্ধারণ করেন আদালত।

এ মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ছয়জন। বুধবার সকালে তাদের অভিযোগ গঠনের শুনানির জন্য টাইব্যুনালে হাজির করা হয়।

ছয় আসামি হলেন— সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিল।

অভিযোগ পড়ে শুনিয়ে আসামিদের কাছে জানতে চাওয়া হয় তার দোষী না নির্দোষ। এ সময় আসামিপক্ষের আইনজীবী তাদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।

শুনানি শেষে তাদের অব্যাহতির আবেদন নাকচ করে আসামিদের সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। বলেন, বাকি ২৪ আসামিকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলবে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা উঠে আসে। গত ৩০ জুন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

১৩ জুলাই আবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পলাতক এই ২৪ আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তারা অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়েছেন।

গত বছর জুলাই-আগস্টের গণআন্দোলন চলাকালে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

ওই দিন সারা দেশের মতো রংপুরেও শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন রাজপথে। সেখানে পুলিশ ও ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। তার বুক ঝাঁঝরা করে দেয় পুলিশের বুলেট।

এ ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দাবানলে রূপ নেয় যেন। আন্দোলনরত ছাত্র-জনতা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর ক্রমেই আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগসহ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘাত বাড়তে থাকে।

কারফিউ দিয়ে, ইন্টারনেট বন্ধ করেও শেখ হাসিনা সরকার আন্দোলন দমন করতে পারেনি। প্রাণহানিও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৩৬ দিনের আন্দোলনে সহস্রাধিক প্রাণের বিনিময়ে বিজয় আসে ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে।

আওয়ামী লীগ সরকার পতনের পর জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী নানা অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

একই ট্রাইব্যুনালে বর্তমানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসাদুজ্জামান খান কামাল ও তখনকার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার চলছে মানবতাবিরোধী অপরাধের মামলায়। ওই মামলায় সাবেক আইজিপি এখন রাজসাক্ষী হয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্যাকেটবন্দি চিকিৎসা সরঞ্জাম যাচ্ছে ভাঙারির দোকানে— অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় ‘পরিকল্পনা ছাড়াই’ আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি প্যাকেটবন্দি অবস্থায় ভাঙারির দোকানে যাচ্ছে।

১৬ ঘণ্টা আগে

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৭ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে