সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উপজেলা বাড়ছে ৫টি

বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এর মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে বগুড়াবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা।
বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন আছে। বগুড়া সিটি করপোরেশন হলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩টিতে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

নতুন পাঁচ উপজেলা হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এই পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।
















