কর্মদক্ষতা-পেশাদারত্ব দিয়ে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: বিএনএসকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২২
আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা। ছবি: সংগৃহীত

নারী সাংবাদিকদের পেশাগত নানা চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি সাংবাদিক নাসিমুন আরা হক মিনু। এগুলো বজায় রেখে নারী সাংবাদিকদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিমুন আরা হক মিনু। বক্তব্যে তিনি বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নারী সাংবাদিকরা আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। একজন নারী সাংবাদিককে কর্মক্ষেত্র, পরিবার ও সমাজসহ বহু বাধা পেরিয়ে এগিয়ে যেতে হয়। প্রতিটি বাধা থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সেই অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নারী সাংবাদিকদের সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সব দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে।’

এ সময় যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নারী অধিকার নেত্রী ও প্রবীণ নারী সাংবাদিক গ্লোরিয়া স্টাইনেমের (৯২) মৃত্যুতে শোক প্রকাশ করেন নাসিমুন আরা হক মিনু। শোক প্রস্তাবে নারী আন্দোলনে তার গৌরবোজ্জ্বল ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা। বক্তারা সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ ও বর্তমান পরিসংখ্যান, কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক হয়রানি, চরিত্রহনন, চাকরি ও আর্থিক নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন ঝুঁকি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সভায় দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রুনা আনসারী বলেন, ‘সাহস ও দৃঢ়তা নিয়ে যারা প্রতিকূলতা মোকাবিলা করতে পারেন, তাদেরই এই পেশায় আসা উচিত।’

দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে জ্যেষ্ঠ সাংবাদিক লায়লী বেগম জানান, কুড়িগ্রামে ইট চুরির প্রতিবেদনসহ নানা অনুসন্ধানী কাজে তাকে বাধার মুখে পড়তে হয়েছে।

ইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকেরা আরজু শিমু বলেন, ‘সরকার বা পরিস্থিতির পরিবর্তন যাই হোক না কেন, সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার জায়গা ঠিক রেখে কাজ করে যেতে হবে।’

অনুষ্ঠানে উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, বাংলাদেশের (ডাব্লিউজেএনবি) সমন্বয়কারী এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শেখার আগ্রহ ও মেধা ধরে রাখার ওপর গুরুত্ব দেন। প্রতিকূলতার মুখে পড়া সাংবাদিকদের সহায়তায় একটি সমন্বিত তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির আহ্বানও জানান তিনি।

সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মুনিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খান, কার্যনির্বাহী সদস্য অদিতি রহমান, জ্যেষ্ঠ সদস্য আইরীন নিয়াজী মান্না, উম্মুল ওয়ারা সুইটি, রীতা ভৌমিক, বনশ্রী ডলি, সেবিকা দেবনাথ, রূপম আক্তার প্রমুখ।

সভায় বক্তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটিসহ নারী সাংবাদিকদের মৌলিক কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার এবং নারী সাংবাদিকদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সংরক্ষণের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরাও অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

৮ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১০ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১০ ঘণ্টা আগে

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

১৩ ঘণ্টা আগে
Advertisement