মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রায় ৩০ হাজার হতাহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৪: ০৭

দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মোটরসাইকেল দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৩ হাজার ৫৪৮টি দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ৫ হাজার ৪৯৭টি দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে। এ ছাড়া ভারী যানবাহনের ধাক্কায় ৬ হাজার ৩১৪টি এবং অন্যান্য কারণে ৭০৬টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, ৩৬ দশমিক ২৯ শতাংশ দুর্ঘটনার জন্য মোটরসাইকেল চালক এককভাবে দায়ী। ১৩ দশমিক ৪৭ শতাংশ দুর্ঘটনায় দায়ী বাসচালক। পণ্যবাহী যানবাহন—ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি ও লরিসহ—দায়ী ৪০ দশমিক ৩৪ শতাংশ ঘটনায়।

এ ছাড়া প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপ দায়ী ২ দশমিক ৭২ শতাংশ ঘটনায়। থ্রি-হুইলার দায়ী ৪ দশমিক ৫৫ শতাংশ ঘটনায়। বাইসাইকেল ও রিকশা দায়ী দশমিক ৭৬ শতাংশ ঘটনায় এবং ১ দশমিক ৮৪ শতাংশ দুর্ঘটনার জন্য পথচারী দায়ী।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে জাতীয় মহাসড়কে ঘটেছে ৪ হাজার ৭৭৩টি, আঞ্চলিক সড়কে ৬ হাজার ৬৮৯টি, গ্রামীণ সড়কে ১ হাজার ৯৫৭টি এবং শহরের সড়কে ২ হাজার ৬৪৬টি।

সংস্থাটি বলছে, বাংলাদেশে নিবন্ধিত মোট মোটরযানের ৭১ শতাংশই মোটরসাইকেল। এর বড় অংশই চালায় কিশোর-যুবকরা। তাদের মধ্যে বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রবণতা বাড়ছে।

মোটরসাইকেল উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনের ভাষা ও ভঙ্গি কিশোর-যুবকদের অতিরিক্ত গতিতে বাইক চালাতে উৎসাহিত করছে বলে মনে করছে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিবেদনে বলা হয়, তারা গতির মধ্যে রোমাঞ্চ অনুভব করে। ফলে বাইক চালকরা নিজেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং পথচারীসহ অন্যান্য সড়ক ব্যবহারকারীদেরও দুর্ঘটনার ঝুঁকিতে ফেলছেন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, বাস ও পণ্যবাহী যানবাহনের চালকদের বেশির ভাগই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তারাও বেপরোয়া যানবাহন চালিয়ে মোটরসাইকেলে চাপা বা ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্তদের ৫৮ শতাংশের বয়স ১৩ থেকে ৩৫ বছর।

সংস্থাটি বলছে, চার চাকার যানবাহনের তুলনায় মোটরসাইকেল ৩০ গুণ বেশি ঝুঁকিপূর্ণ। তবে দেশে গণপরিবহন ব্যবস্থা উন্নত ও সহজলভ্য না হওয়া এবং যানজটের কারণে মানুষ মোটরসাইকেল ব্যবহারে উৎসাহিত হচ্ছেন।

এ কারণেই দুর্ঘটনা বাড়ছে উল্লেখ করে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি বৃদ্ধির অন্যতম কারণ মানসম্পন্ন হেলমেট ব্যবহার না করা। মানসম্পন্ন হেলমেট দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি ৪৮ শতাংশ কমায়।

দুর্ঘটনার কারণ

দুর্ঘটনার কারণ হিসেবে আরও কিছু বিষয় তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। এগুলো হলো—

  • কিশোর-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো
  • ট্রাফিক আইন না মানার প্রবণতা
  • রাজনীতিতে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সংস্কৃতি
  • ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ
  • সচেতনতামূলক কর্মসূচি না থাকা
  • ত্রুটিপূর্ণ ও দুর্বল সড়ক অবকাঠামো
  • প্রযুক্তির ব্যবহার ও নজরদারির অভাব
  • সহজ-সাশ্রয়ী গণপরিবহনের ঘাটতি
  • অসহনীয় যানজট।

দুর্ঘটনা রোধে সুপারিশ

দুর্ঘটনা রোধে রোড সেফটি ফাউন্ডেশন কয়েকটি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেলে নিরাপত্তা ও নজরদারি প্রযুক্তির ব্যবহার, মানসম্পন্ন হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা, বিটিআরসির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তামূলক প্রচারণা চালানো, মোটরসাইকেলের বিজ্ঞাপনের ভাষা ও ভঙ্গি পরিবর্তন, নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণ এবং সহজ-সাশ্রয়ী ও যাত্রীবান্ধব গণপরিবহন চালুর সুপারিশ করেছে সংস্থাটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উচ্চশিক্ষা ও গবেষণায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার আশ্বাস সার্কের

বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্ক সচিবালয়ের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

১৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে কোথায় কীভাবে স্বাগত ও শুভেচ্ছা জানানো হবে তার কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর দলের চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামে সাংগঠনিক সভার কর্মসূচি রাখা

২০ ঘণ্টা আগে

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তিনজনের শরীরই মারাত্মকভাবে পুড়ে গেছে—মাইদুলের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।

২১ ঘণ্টা আগে