আত্মত্যাগের বার্তা নিয়ে এলো ঈদুল আজহা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

প্রায় চার হাজার বছর আগের কথা। হজরত ইব্রাহিম (আ.)-কে এক কঠিন পরীক্ষায় ফেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। স্বপ্নে ইব্রাহিম (আ.) দেখেন, আল্লাহ তাকে আদেশ দিয়েছেন, ‘তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করো।’ ইব্রাহিম (আ.) প্রথমে ১০টি উট কোরবানি করেন। তারপরও দেখেন একই স্বপ্ন। এবার কোরবানি করেন ১০০টি উট। কিন্তু একই স্বপ্ন তৃতীয়বারের মতো দেখেন তিনি।

শেষ পর্যন্ত ইব্রাহিম (আ.) অনুধাবন করেন, পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় ধন তারই সন্তান হজরত ইসমাইল (আ.)। তাকেই আল্লাহর রাস্তায় কোরবানি করতে নিয়ে যান আরাফাতের ময়দানে। ইসমাইল (আ.)-ও আল্লাহর নির্দেশ মেনে গলা পেতে দেন। আল্লাহ তার কোরবানিকে কবুল করে নেন। তার কুদরতে ইসমাইল (আ.)-এর জায়গায় কোরবানি হয়ে যায় একটি পশু।

মহান আল্লাহর প্রতি নিবেদন আর আত্মত্যাগের যে পরাকাষ্ঠা হজরত ইব্রাহিম (আ.) দেখিয়েছিলেন, তার স্মরণেই প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহার দিন আত্মত্যাগের প্রতীকী রূপ হিসেবে পশু কোরবানি দিয়ে থাকে মুসলিমরা। ঈদুল আজহা তাই মুসলিমদের অন্যতম উৎসব হলেও সে উৎসব আসে ত্যাগ, তাকওয়া বা খোদাভীতি আর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা নিয়ে।

আজ বৃহস্পতিবার (২৮ মে), হিজরি বর্ষপঞ্জি হিসেবে ১০ জিলহজ। আজ ঈদুল আজহা। আত্মত্যাগের শিক্ষা নিয়ে বছর ঘুরে আবার এসেছে এই ঈদ উৎসব।

সকালে ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায়ের পর এ দিন মুসলিমরা নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে কোরবানি করবেন গরু, ছাগল, ভেড়া, মহিষ বা উট। সেই কোরবানির মাংস স্বজন ও অসহায় মানুষের মাঝে বণ্টনের মধ্য দিয়ে ভাগাভাগি ও সহমর্মিতার বার্তাও ছড়িয়ে পড়বে সমাজে।

ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে তারা ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা।

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়। সে জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আবহাওয়া প্রতিকূল হলে অবশ্য প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, সকাল ৮টায়।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বরাবরের মতোই ঈদের জামাত হবে পাঁচটি। সকাল ৭টায় শুরু হয়ে পরবর্তী জামাতগুলো রয়েছে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত হবে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় ও ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এ ছাড়া রাজধানীর শতাধিক ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে ঈদ জামাতের আয়োজন থাকবে ঈদের দিন সকালে।

এদিকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। নির্ধারিত স্থানে পশু কোরবানি ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন করপোরেশনের দায়িত্বপ্রাপ্তরা। তারা বলেছেন, কোরবানির পর আট ঘণ্টার মধ্যেই তারা বর্জ্য অপসারণ করবেন।

ঈদ ঘিরে নগর জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঈদ সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তারা দেখছে না। ঈদের আগের দিন বুধবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, রাজধানীতে চার থেকে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন পুরো মহানগরীতে দায়িত্ব পালন করবেন ১৫ হাজার পুলিশ সদস্য।

ঈদ উদ্‌যাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো যথাযথভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুর্বল হয়েছে লঘুচাপ, বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।

৩ ঘণ্টা আগে

চূড়ান্ত অনুমোদন পেল ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

৮ ঘণ্টা আগে

একযোগে ১৭৯ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭২ জন প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত, বাকি সাতজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে কর্মরত।

২০ ঘণ্টা আগে

ছুটি নিয়ে ফেরেননি, ‘পলাতক’ বিবেচনায় বরখাস্ত ৪ পুলিশ কর্মকর্তা

ছুটি শেষে দীর্ঘদিন পরও কর্মস্থলে না ফেরায় ‘পলাতক বিবেচনায়’ পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও আফজালুন নেছা।

২১ ঘণ্টা আগে