২ ইউনিয়নের নাম মিরাক্যালি আমার সন্তানদের সঙ্গে মিলে গেছে: প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সন্তানদের নামের সঙ্গে মিলিয়ে ইউনিয়নের নামকরণের অভিযোগ প্রসঙ্গে সংসদে ব্যাখ্যা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: ভিডিও থেকে

বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলার নতুন চারটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদ অধিবেশনেও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, এ তিন ইউনিয়নের নাম রাখা হয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তান ও নিজেদের পারিবারিক বাড়ির নামে।

জবাবে বগুড়া-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এসব ইউনিয়নের নাম অলৌকিকভাবে (মিরাক্যালি) তার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে।

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের সই করা এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি ও মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। রোববার (১৪ জুন) এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। গেজেট অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নাম ‘মীরবাড়ী ইউনিয়ন’; নবগঠিত মোকামতলা উপজেলার নতুন তিন ইউনিয়নের নাম ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।

এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাসভবনের নাম ‘মীরবাড়ী’ এবং তার দুই ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্ত। গেজেট প্রকাশের পরই অভিযোগ ওঠে, নতুন তিন ইউনিয়নের নাম প্রতিমন্ত্রী আর তার পৈতৃক বাড়ি ও দুই ছেলের নামে নামকরণ করিয়েছেন।

সোমবার (১৫ জুন) সংসদ অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় পটুয়াখালী-২ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ বিষয়ে অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকায় দুটি উপজেলায় কয়েকটি ইউনিয়ন হয়েছে। একটি ইউনিয়নের নাম উনার বংশের নামে ‘মীরবাড়ী ইউনিয়ন’ করা হয়েছে। উনার দুই সন্তান দিগন্ত এবং সীমান্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের একজন সদস্যের নামে একটি প্রতিষ্ঠানের নামকরণ করতে চাওয়া হয়েছিল। উনি নাকচ করেছেন। আমরা বাহবা দিয়েছি। আমরা তো মনে করি, প্রধানমন্ত্রী যেটি চান সেটিই হওয়ার কথা। প্রধানমন্ত্রীর হয় না, উনাদের নিজ থেকে এটা হয়, এই যে আমাদের প্রভাব বলয় তৈরি করা... আমাদের এখানে অনেক সময় চলে গেছে কেবল নাম সংশোধন করতে করতে, বিগত ফ্যাসিস্ট সময়ে যেগুলো হয়েছিল। আবার এই সংস্কৃতিগুলো আমাদের মাঝে কীভাবে আসে?

পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনির অনুরোধে সংসদের ২৭৪ বিধিতে এ বিষয়ে প্রতিমন্ত্রী শাহে আলমকে ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়ার সুযোগ করে দেন স্পিকার। প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্য শফিকুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় গিয়ে আমাকে ছাঁটাই করেছে আর কী! আমি ব্যক্তিগতভাবে এর কৈফিয়ত দিচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, আমার নির্বাচনি এলাকা বগুড়ার মোকামতলা উপজেলার দূরবর্তী দুটি ইউনিয়ন সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন আয়তনে অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই করে, গণশুনানি করে... সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী ও সোনাতলা উপজেলা সীমান্তে, সে কারণে সৈয়দপুরের সঙ্গে মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন ‘সীমান্ত ইউনিয়ন’।

আরেক ইউনিয়নের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী ইউনিয়ন, যেটি গাইবান্ধার একদম কাছে এবং অনেক দূরবর্তী হওয়ার কারণে স্থানীয় প্রশাসন ও জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রেখেছে ‘দিগন্ত ইউনিয়ন’।

জামায়াতের সংসদ সদস্যের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেছেন যে এই দুটি ইউনিয়ন নাকি আমার দুই সন্তানের নামে রাখা হয়েছে। আমি বলতে চাই, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় একটি ইউনিয়নের নাম আছে সীমান্ত ইউনিয়ন। ফেনী জেলার ছাগলনাইয়ায় রয়েছে সীমান্ত বাজার ও সীমান্ত বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রয়েছে সীমান্ত বাজার। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় রয়েছে সীমান্ত বন্দর।’

‘হবিগঞ্জ পৌরসভায় রয়েছে দিগন্ত নামের একটি ওয়ার্ড। সন্দ্বীপ উপজেলায় রয়েছে দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়। বান্দরবানের চিম্বুকে রয়েছে দিগন্ত বাজার। সীমান্ত ও দিগন্ত নামে এ রকম বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। মিরাক্যালি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই, কিন্তু আমার সন্তানদের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইচ্ছা থাকত সন্তানের নামে করার, তাহলে আমি প্রশাসনকে বলতাম নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। কিন্তু নামের আগে তো মীর নাই,’— বলেন প্রতিমন্ত্রী।

সীমান্ত ও দিগন্ত নামের আরও কিছু প্রতিষ্ঠানের নাম তুলে ধরে মীর শাহে আলম বলেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেননি যে বিজিবির নির্মিত সীমান্ত ব্যাংক লিমিটেড ওটা আমার ব্যাংক। উনি দয়া করে যে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায়, সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। উনি দয়া করে বলেননি যে গুলশানে যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার। দিগন্ত টেলিভিশনও আমার না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করব, কোনো বিষয়ের মধ্যে ব্যক্তিগত আক্রমণ করে, তথ্য-উপাত্ত না নিয়ে এটা না বলার জন্য। আমি অনুরোধ করব তার এ বক্তব্যটি সংসদ থেকে এক্সপাঞ্জ করা হোক। আমি ব্যক্তিগতভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি বলে আমি মনে করি।’

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ব্যাখ্যা যেমন কার্যবিবরণীতে থাকবে, তেমনি অভিযোগকারী সংসদ সদস্যের বক্তব্যও কার্যবিবরণীতে থাকবে। স্পিকার বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব, এর মধ্যে অসংসদীয় কোনো কিছু আছে কি না।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসাবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

৯ ঘণ্টা আগে

আমিরাতে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, দুর্নীতিসহ বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানে

৯ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে প্রবেশে বাধা: ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ঢাকার

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার দিল্লির বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে বাংলাদেশ ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে দেখছে এবং এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, জানাল বিআরটিএ

বিআরটিএ জানায়, এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। জিপিএস ডিভাইসের নির্ধারিত কারিগরি মান (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

১০ ঘণ্টা আগে