সাবেক উপাচার্যকে ফেরাতে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
-27f480-480x270.webp)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে চোখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন তারা। এ সময় ক্লাস-পরীক্ষা বর্জন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও চলছিল।
বুধবার (৩০ সেপ্ট্বের) দুপুর ২টার দিকে অনুষ্ঠিত মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। আন্দোলনকারীরা বলেন, টানা নবম দিনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের এই নীরবতার প্রতীকী প্রতিবাদ হিসেবে চোখ বেঁধে মিছিলের কর্মসূচি পালন করেছেন তারা।
চুয়েটের শিক্ষার্থী ইশতিয়াক মাহমুদ বলেন, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম দায়িত্ব নেওয়ার পর ৫৬ দিনের মধ্যে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়নের চেষ্টা করেছেন। কোনো অভিযোগ ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে দাবি করে তিনি বলেন, সাবেক উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাত থেকেই তারা আন্দোলনে নামেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। এর অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে অবস্থান, মানববন্ধন ও গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আন্দোলনের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতিও একাত্মতা প্রকাশ করেছে।
এর আগে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া সায়েম দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় অপসারণের সিদ্ধান্তের মুখে পড়েন।










-436923-256x144.webp)
-938bec-256x144.webp)

-f6bffc-256x144.webp)


-273a91-256x144.webp)
