৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫০০০

চিকিৎসক নিয়োগের জন্য ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে সরকারি হাসপাতালের জন্য মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগের কথা জানানো হয়েছে।
এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করার নির্ধারিত লক্ষ্য নিয়ে কাজ করছে পিএসসি। তবে আগামী বিসিএসটি সাধারণ হবে নাকি বিশেষ— এ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে তার অবসান হলো।
পিএসসি সূত্র জানায়, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকটের প্রেক্ষাপটে বিশেষ বিসিএস আয়োজনের সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্ট চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে পৌঁছায়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, “চিঠি পাওয়ার পর কমিশন দ্রুততম সময়ে এর দাপ্তরিক কাজ ও প্রয়োজনীয় বোর্ড মিটিংয়ের পর্যালোচনা শেষ করে। সাধারণ বিসিএসের প্রজ্ঞাপন তৈরির আগেই বিশেষ বিসিএসের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়ে যায়। ফলে নিয়ম অনুযায়ী এই বিশেষ বিসিএসকেই ‘৫১তম বিসিএস’ হিসেবে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।”
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ এই বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন/মেডিকেল অফিসার এবং ৩০০ জনকে ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তিতে দেখুন এখানে—
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ঘাটতি মোকাবিলা এবং দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর করার লক্ষ্যেই এই নিয়োগপ্রক্রিয়া নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যেও স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ খাতে এবার রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারের নীতিগত নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ বিসিএসের প্রক্রিয়াটি দ্রুত চূড়ান্ত করেছে পিএসসি।
এই বিশেষ বিসিএসে দীর্ঘ ও জটিল লিখিত পরীক্ষার প্রক্রিয়া থাকবে না। সাধারণত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হবে। এরপর দ্রুততম সময়ে চূড়ান্ত ফল প্রকাশ করে ৫ হাজার নতুন চিকিৎসককে সরকারি হাসপাতালে পদায়নের লক্ষ্য রয়েছে। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ঘাটতি পূরণে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৫২তম সাধারণ বিসিএস কবে?
৫১তম বিসিএস বিশেষ হওয়ায় এখন সাধারণ ক্যাডারে চাকরিপ্রত্যাশীদের নজর ৫২তম বিসিএসের দিকে। পিএসসি এর আগে বিসিএস পরীক্ষার একটি ক্যালেন্ডার বা রোডম্যাপ প্রকাশ করে জানিয়েছিল, ২০২৬ সালের নভেম্বরে নতুন সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ৫০তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের মৌখিক পরীক্ষা চলছে। পিএসসির রোডম্যাপ অনুযায়ী, নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি চলছে। ওই ফল প্রকাশের পর বা এর সঙ্গে সমন্বয় করে নভেম্বরে ৫২তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।










-d6864d.jpg)






