ভূমিকম্প— ঢাকা-না.গঞ্জে নিহত ৪, অনেক ভবনে ফাটল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বংশালের কসাইটুলী এলাকায় ভূমিকম্পের পর একটি ভবনের রেলিং ভেঙে রাস্তায় পড়লে ৩ পথচারী নিহত হয়েছেন। ছবি: ভিডিও থেকে

রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে সারা দেশ। ছুটির দিনের সকালে এ ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে মোনুষের মধ্যে। এরই মধ্যে ভূমিকম্পে ঢাকায় একটি ভবনের রেলিং ভেঙে রাস্তায় পড়লে তিন পথচারী ও নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। রাজধানী ভবন হেলে পড়াসহ একাধিক ভবনে ফাটলের তথ্য মিলেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত করে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ঢাকা থেকে শুরু করে সারা দেশেই ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের পরপরই ওই ভবনের রেলিং হঠাৎ ভেঙে রাস্তায় হাঁটতে থাকা তিন পথচারীর ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, হাসপাতালে এক পথচারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরাও আছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি ভবনের দেয়াল ধসে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ফাতেমার বাবা ওই এলাকার আবদুল হক ঢাকার শ্যামবাজারে ব্যবসা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় ভবনের দেয়াল ধসের ঘটনায় শিশুটির মৃত্যু হয়। এ ছাড়া ফাতেমার মা কুলসুম বেগম ও তাদের প্রতিবেশী প্রবাসী মাসুদের স্ত্রী জেসমিন আহত হয়েছেন।

এদিকে রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডের একটি ভবন হেলে পড়ার তথ্য মিলেছে। উত্তর বাড্ডা, খিলগাঁও, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ভবনে ফাটলের তথ্য পাওয়া গেছে।

মেরুল বাড্ডা এলাকার বাসিন্দা মো. আশফাকুজ্জামান বলেন, ভূমিকম্পের পরপরই সবাই বাসা থেকে বেরিয়ে এসেছি। আমাদের বাসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আশপাশের দুয়েকটি বাসায় ফাটলের কথা শুনেছি। অনেকেই বাসায় ঢুকতে ভয় পাচ্ছেন।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের তথ্য বলছে, আরমানিটোলার কসাইটুলিতে একটি বহুতল ভবনে পলেস্তারার কিছু অংশ ও ইট খসে পড়েছে। খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পাশের ভবনের একজন আহত হয়েছেন। সূত্রাপুর ও কলাবাগানে দুটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত করে ঢাকাসহ সারা দেশে। কলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছিল, ঘোড়াশাল থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয় ভূমিকম্পটি। এর মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৫।

পরে আবহাওয়া অধিদপ্তর এক বার্তায় জানিয়েছে, মাঝারি মাত্রার ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

১০ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

১০ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৪ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১৫ ঘণ্টা আগে