তেলে দিনে ১৬৭ কোটি ভর্তুকি: বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্য স্পষ্ট করা দরকার

অরুণ কর্মকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। প্রতিমন্ত্রীর এ বক্তব্য এক ধরনের গণবিভ্রান্তি ছড়িয়েছে। জ্বালানি খাতসংশ্লিষ্ট অনেকে বলছেন, এ তথ্য সঠিক নয়। কেন তারা এমন বলছেন?

প্রথমত, দেশে এখন পর্যন্ত যে তেল সরবরাহ করা হচ্ছে এবং বিপণন পাইপলাইনে আছে তার সবই কেনা হয়েছে ফেব্রুয়ারি মাসে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে। ফেব্রুয়ারি মাসের শেষ দিন, ২৮ ফেব্রুয়ারিতেও প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম (ব্রেন্ট ক্রড) ছিল ৬৭ দশমিক ০২ ডলার। এর আগে গত বছরের ডিসেম্বর ও এ বছরের জানুয়ারিতে এ দাম ছিল ৬০ ডলারের নিচে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকার নির্ধারিত যে দামে বর্তমানে সব ধরনের জ্বালানি তেল বিক্রি করছে তাতে প্রতি ব্যারেল ৭৫ ডলার পর্যন্ত দাম হলেও লোকসান হয় না। এ কারণেই বিপিসি গত তিন বছরে তেল বিক্রি করে ১১ হাজার কোটি টাকারও বেশি মুনাফা করতে পেরেছে।

বিপিসির হিসাব বলছে, ২০২৩ সালে তাদের মুনাফার পরিমাণ দুই হাজার ৭৫৬ কোটি টাকা। ২০২৪ সালে তারা মুনাফা করেছে তিন হাজার ৯৪৩ কোটি টাকা। আর ২০২৫ সালে বিপিসির মুনাফার পরিমাণ ছিল আরও বেশি— চার হাজার ৩১৬ কোটি টাকা। এই তিন বছরে বিপিসির এত বেশি মুনাফা করার প্রধান কারণ, এ সময়ের মধ্যে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম কখনোই ৭৫ ডলার পার করেনি।

দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুরও কয়েকদিন পর থেকে। গত ১০ মার্চও প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৮৩ দশমিক ৪৫ ডলার, ১৪ মার্চ দাম আরেকটু বেড়ে হয় ৯৮ দশমিক ৭১ ডলার। সবশেষ গতকাল শুক্রবার (২৭ মার্চ) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ১১০ দশমিক ৬৯ ডলার।

আমরা যদি ধরে নিই, জ্বালানি তেলের দাম গত ২০ দিন ধরেই বাড়ছে, তাহলেও বিপিসির লোকসান কিংবা সরকারের ভর্তুকি দেওয়ার কোনো প্রশ্ন নেই। কারণ এই ২০ দিনে আমরা নতুন করে কোনো তেল কিনলেও তা এখন পর্যন্ত দেশে আসেনি বা বিপণন পাইপলাইনেও যুক্ত হয়নি।

তাহলে কীভাবে সরকার জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে? বরং বাস্তব চিত্র বিশ্লেষণ করে বলা যায়, যেহেতু আগের কেনা তেল আগের দামেই বিক্রি করা হচ্ছে, সেহেতু বিপিসি এখনো মুনাফা করেই চলেছে।

তৃতীয়ত, হ্যাঁ, যুদ্ধকালীন জাহাজ ভাড়া অনেকটাই বেড়েছে। বিমা খরচ বেড়ে যাওয়াও স্বাভাবিক। আগের কেনা জ্বালানি তেল পরিবহনের ব্যয় অবশ্য পূর্বনির্ধারিত হারেই হওয়ার কথা। তারপরও ব্যয় বৃদ্ধির যুক্তি হিসাবে নিলেও বিপিসির বিপুল পরিমাণ লোকসান হওয়ার কোনো কারণ নেই।

আরও একটি বিষয় উল্লেখযোগ্য— যুদ্ধকালীন বিভিন্ন দেশ ও খোলা বাজার (স্পট মার্কেট) থেকে অনেক বেশি দামে কয়েক জাহাজ এলএনজি কেনা হয়েছে। এ ক্ষেত্রেও হিসাবটি একই রকম। ওই এলএনজি এখনো দেশে ব্যবহৃত হয়নি। এমনকি সবগুলো হাজাজ এখন পর্যন্ত দেশেই পৌঁছেনি। সুতরাং সেই কারণেও সরকারের ব্যয় বেড়ে যাওয়া বা বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়ার প্রশ্নই ওঠে না।

সর্বোপরি বিশ্ববাজারে জ্বালানি তেল কেনা-বেচায় দাম নির্ধারণের যে পদ্ধতি, তাতে আজ দাম বাড়লে আজই যদি তেল কেনা হয় তাতেও কেনা তেলের দাম আর বর্ধিত দাম সমান হয় না। কারণ ঠিক এই মুহূর্তে তেলের যে দাম, ঠিক সেই দামেই তেল বেচাকেনা হয় না, বরং সে দাম নির্ধারণ করা হয় পাঁচ দিনের দামের গড় হিসাবে।

তেলের দাম নির্ধারণের এ প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক ম্যাগাজিন ‘প্লাটস’-এ প্রকাশিত তেলের দাম। এই ম্যাগাজিনে প্রতিদিনই তেলের একটি নির্ধরিত দাম প্রকাশ করা হয়, যেটি ‘প্লাটস রেট’ নামে পরিচিত। এই ‘প্লাটস রেট’ অনুযায়ী আজ তেল কিনলেও দাম নির্ধারিত হবে ওই তেল জাহাজে তোলার দিনের দামের সঙ্গে এর আগের দুদিন ও পরের দুদিনের দামের গড় করে। অর্থাৎ ২+১+২ পদ্ধতিতে (আগের দুদিন + তেল জাহাজে তোলার দিন + পরের দুদিন) পাঁচ দিনের তেলের দামের গড়ই হলো ওই তেলের দাম। ফলে তেলের দাম বাড়লেই যে সব ক্ষেত্রে সমানভাবে তেলের দাম বেশি পড়ে যায়, তা নয়।

প্রতিমন্ত্রী যখন বলেছেন প্রতিদিন সরকারের ১৬৭ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা, তখন ধরে নেওয়া যায় যে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো কর্মকর্তা হিসাবটি তাকে জানিয়েছেন। কিন্তু সেটি কীভাবে, সে বিষয়টি প্রতিমন্ত্রী তথা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার, যেন এ নিয়ে গণবিভ্রান্তির অবসান ঘটে।

ইরান যুদ্ধের পর বৈশ্বিকভাবেই জ্বালানি খাতে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে বারবারই জ্বালানির কোনো সংকট নেই দাবি করা হলেও দেশে পেট্রোল পাম্পগুলোতে সার্বক্ষণিক দীর্ঘ লাইন চোখে পড়ছে, পাম্পে গিয়ে তেল না পাওয়ার অভিযোগও মিলছে বিভিন্ন জায়গা থেকেই।

এ পরিস্থিতি থেকে উত্তরণ চাইলে জনগণের কাছে প্রকৃত অবস্থার সঠিক তথ্য যথাযথভাবে তুলে ধরতে হবে সরকারকে, তুলে ধরতে হবে সরকারের পরিকল্পনার কথা। তবেই জনগণ আশ্বস্ত হবে, সরকারকেও সহায়তা করবে। তা না করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের আলোয় নিয়ে এলে পরিস্থিতির জটিল থেকে জটিলতর হয়ে উঠতে পারে। সে প্রেক্ষাপটেও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে গণবিভ্রান্তি নিরসন করা প্রয়োজন।

লেখক: বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিনিয়র সাংবাদিক

Ad
Ad
ad
ad
ad

মতামত থেকে আরও পড়ুন

বই কেনা নয়, পড়ার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে

বই আমাদের জীবনের কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে গিয়ে অনেক ক্ষেত্রে ঘরের সাজসজ্জার অংশ হয়ে উঠেছে। কেউ কেউ বইকে এমন এক ধরনের ‘সামাজিক আসবাব’ হিসেবেও ব্যবহার করেন, যা ঘরের রুচি ও সামাজিক অবস্থানের ইঙ্গিত দেয়। হকিংয়ের বই নিয়ে পুরোনো এক প্রতিবেদনে প্রকাশকরাই এমন বইকে ‘সোশ্যাল ফার্নিচার’ বলে অভিহিত করেছিলেন।

৪ দিন আগে

ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক করেছেন— বড় ভূমিকম্পে ঢাকার বহু এলাকায় উদ্ধারকারী দলের পৌঁছানো কঠিন হবে, কোথাও কোথাও উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। তার এ বক্তব্যকে একটি সংস্থার সীমাবদ

৫ দিন আগে

জ্বালানি সংকট: সাময়িক সমাধানের চেয়ে প্রয়োজন আরও বেশি কিছু

বাংলাদেশের জ্বালানি সংকট শেষ পর্যন্ত প্রবৃদ্ধির সংকট। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা, অপর্যাপ্ত অবকাঠামো, দুর্বল চাহিদা ব্যবস্থাপনা এবং বছরের পর বছর ধরে চলা পরিকল্পনার ঘাটতি মিলেই বারবার এই সংকট তৈরি করছে।

৬ দিন আগে

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির বাণিজ্যের পথ যেন সুগম না হয়

দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেধার বিকল্প নেই। এনটিআরসিএ’র বিদ্যমান কাঠামোর কোনো দুর্বলতা থাকলে তা পর্যালোচনা ও সংস্কারের মাধ্যমে আরও দক্ষ ও স্বচ্ছ করা যেতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই এই প্রক্রিয়াকে পেছনে ঠেলে দিয়ে আবার ব্যক্তি বা কমিটির দুর্নীতির সুযোগ করে

৬ দিন আগে