রাখাইন সম্প্রদায়ের শ্মশানের জমি বেহাত, পটুয়াখালীতে উদ্বেগ

শংকর লাল দাস, পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মুম্বিপাড়ায় শ্মশানের জমিতে গরু-ছাগল চড়ান স্থানীয়রা। ছবি: রাজনীতিডটকম

পটুয়াখালীর ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের শ্মশানের জমি ক্রমশ বেহাত হয়ে যাচ্ছে। স্থানীয়রা প্রভাব খাটিয়ে এসব জমি দখল করে বাড়ি-ঘর ও কৃষি জমি বানাচ্ছেন। অনেকে আবার শ্মশানের মাটি কেটে নিচ্ছেন।

পটুয়াখালীতে ২৭টি রাখাইন পাড়ার মধ্যে প্রায় ২০টির শ্মশানের জমি বেদখল হওয়ার অভিযোগ উঠেছে। ক্রমশ ক্ষয়িষ্ণু এ জনগোষ্ঠীর দাবি, স্থানীয় প্রশাসনের প্রচ্ছন্ন ছায়ায় তাদের পৈত্রিক সম্পত্তি দখল করছে স্থানীয়রা। এতে তারা এখন নিজেদের শেষ সম্বলটুকুও হারাতে বসেছেন।

কলাপাড়া উপজেলার কালাচানপাড়া ও মুম্বিপাড়ার রাখাইন সম্প্রদায়ের লোকজন জানান, তাদের পূর্বপুরুষদের শ্মশানের জমি স্থানীয়রা দখল করে নিচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুম্বিপাড়ায় শ্মশানের দক্ষিণাংশের জমিতে টয়লেট নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা নজীর আহমেদ। সেখানে তিনি নিয়মিত গরু-ছাগলও চড়ান।

জানতে চাইলে নজির আহমেদ বলেন, 'আমি ২৭ বছর ধরে এখানে বাস করছি। টয়লেট নির্মাণকালে আমাকে কেউ বাধা দেয়নি। তবে এখন যদি রাখাইনরা জমি ছেড়ে দিতে বলে, আমি টয়লেট ভেঙ্গে সেটি খালি করে দেবো।'

এ পাড়ার রাখাইন সম্প্রদায়ের মাদবর হাংচিনসে বলেন, 'আমাদের শ্মশানে ৯০ শতাংশ জমি ছিল। বর্তমানে মাত্র ৩০ শতাংশ জমি আছে। বাকি জমি স্থানীয়রা দখল করে নিয়ে গেছে।'

অন্যদিকে, কালাচান পাড়ায় জালাল মিস্ত্রি শ্মশানের পাশে জমি কেটে বসতবাড়ি উঁচু করেছেন। দুই বছর আগে প্রায় ২০ শতাংশ জমির মাটি কেটে নেন তিনি। ফলে জমিটি অনেক নিচু হয়ে যায়। বৃষ্টি হলেই পানি জমে সেখানে।

তবে শ্মশানের জমি দখলের বিষয়টি অস্বীকার করেন জালাল মিস্ত্রি। তিনি বলেন, 'আমি তাদের জমি দখল কিংবা সেখান থেকে মাটি কাটিনি। ওই জমি থেকে স্থানীয় কয়েকজন প্রতি বছর মাটি কেটে বাড়ি উঁচু করে এবং রান্নার চুলা তৈরির জন্য মাটি নিয়ে যায়। এর ফলে ওই জমিটা এখন নিচু হয়ে গেছে।'

image
Patuakhali Rakhine Land 2
caption

কালাচান পাড়ার মাদবর অংচাচুং জানান, তাদের শ্মশানটিতে ৭০ শতাংশ জমি ছিল। তবে স্থানীয়রা জোর করে তাদের শ্মশানের জমি নানাভাবে দখল করে নেয়ায় বর্তমানে মাত্র ৩০ শতাংশ অবশিষ্ট আছে।

তিনি আরও জানান, অনেক সময় শ্মশানের পাশে খালের তীর ভরাট হয়ে খাসজমি জেগে ওঠে। তখন জায়গার অভাবে সেই জমিই শ্মশানের কাজে ব্যবহার করেন তারা।

রাখাইনদের জমি অধিকার রক্ষায় কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। আইনি সহায়তার মাধ্যমে রাখাইনদের জমি পুনরুদ্ধারে কাজ করে সংস্থাটি।

পটুয়াখালী ও বরগুনার আদিবাসী রাখাইনদের ভূমি ও সম্পদের অধিকার সংরক্ষণে ‘ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর ডিসএডভান্সড ইনডিজিনাস এন্ড মার্জিনাল কমিউিনিটি (আইডিপিডিসি)' নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে কারিতাস।

এ প্রকল্পের সভাপতি (এডভোকেসি) মংথিনজো বলেন, আমরা রাখাইনদের জমি জবরদখল মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। আইনিসহ নানাবিধ সহায়তা পাওয়ায় রাখাইন জনগোষ্ঠী আগের তুলনায় এখন বেশি সচেতন।'

পটুয়াখালীর মতো বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া ও ঠাকুরপাড়া এলাকার রাখাইন পাড়ার শ্মশানের জমিও প্রভাবশালীদের দখলে। লাউপাড়া শ্মশানের দেড় একর জমির প্রায় ৩০ শতাংশ এরই মধ্যে বেদখল হয়ে গেছে।

আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মংম্যা বলেন, 'স্থানীয় প্রভাবশালীদের কবল থেকে রাখাইনদের জমি মুক্ত রাখতে আমরা ২০০৭ সাল থেকে কাজ করছি। বিগত ১৮ বছরে পটুয়াখালী ও বরগুনায় রাখাইনদের জমি উদ্ধারে আদালতে ১১২টি মামলা করি আমরা। পরে আদালতের রায়ে দুই জেলায় মোট ৮৪০ একর জমি উদ্ধার হয়।'

এখনও রাখাইনদের প্রতিটি পরিবারে জমি উদ্ধার নিয়ে গড়ে তিনটি করে মামলা চলমান আছে বলেও জানান তিনি।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, রাখাইনদের যেকোনো সমস্যা সমাধানে প্রশাসন আন্তরিক এবং শ্মশান দখলের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, 'আমরা রাখাইনদের উন্নয়নে নয়পাড়া রাখাইন পল্লীতে দুইটি পাকা ঘর তুলে দিয়েছি। পর্যায়ক্রমে তাদের জন্য আরও আবাসনের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া কুয়াকাটায় রাখাইনদের নিজস্ব সাংস্কৃতিক উন্নয়নেও আমরা কাজ করছি।'

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

১৮ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

১৯ দিন আগে

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement