জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট চালিয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। হারারেতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭৫ বলে শতক হাঁকান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে এটিই কোনো অস্ট্রেলীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
এর মাধ্যমে সতীর্থ ম্যাট রেনশর করা আগের রেকর্ডটি ভেঙে দিলেন হেড। চলতি সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে ৮৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই রেকর্ড গড়েছিলেন রেনশ। ১ দিনের মাথায় তা নিজের করে নিলেন হেড।
রেকর্ড গড়া এই ইনিংসে ১৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ১১২ রান করেন হেড। এটি তার ৮১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি হলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম। একই সাথে জিম্বাবুয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করা অষ্টম অস্ট্রেলীয় ব্যাটার হিসেবে নাম লেখালেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে আউট হলেও দ্বিতীয় ম্যাচেই ট্র্যাভিস হেড দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন।
হেডের এই ঝোড়ো শতকের পাশাপাশি কুপার কনোলির ৭৮ ও অধিনায়ক মিচেল মার্শের ৫৩ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রানের পাহাড়সম পুঁজি গড়েছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি ৫৯ রানে জিতে নিয়ে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

















