৯০ মিনিটের গোলে কোয়ার্টারে স্পেন, রোনালদো-পর্তুগালের বিদায়

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৩: ৪৪
ম্যাচের ৯০ মিনিটে মিকেল মেরিনোর কাছ থেকে একমাত্র ও জয়সূচক গোল পেয়েছে স্পেন। ছবি: সংগৃহীত

নিজ নিজ শক্তিমত্তা নিয়ে দারুণ গতিশীল ফুটবল উপহার দিল দুই দল। ম্যাচজুড়ে আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকল স্পেন। তবে গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত সেটিও মিলল, একদম ৯০ মিনিটে। যোগ করা ছয় মিনিটে আর পর্তুগালের পক্ষে কিছু করা সম্ভব হলো না। পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল স্পেন।

বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় ডালার স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আইবেরিয়ান উপদ্বীপের দুই পাশে অবস্থিত ইউরোপের এই দুই দেশ। এ লড়াই অবশ্য ভিন্ন একটি মাত্রা পেয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে। এবার ৪১ বছর বয়সে এসেছিলেন বিশ্বকাপে। ২০৩০ বিশ্বকাপ যখন আসবে তখন তার বয়স হবে ৪৫। স্বাভাবিকভাবেই পরাজিত হলেই এই ম্যাচ সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের শেষ বিশ্বকাপ ম্যাচ হয়ে থাকবে। শেষ পর্যন্ত হলোও তাই। ২০০৬ বিশ্বকাপ থেকে শুরু করে ছয় আসরে ২৫ ম্যাচে থামল সিআর৭-এর বিশ্বকাপযাত্রা।

তবে বিদায়ী ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। পুরো ম্যাচে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। একবার দূরপাল্লার জোরালো শট সরাসরি গোলরক্ষক উনাই সিমনের হাতে জমা পড়ে। আরেকবার সিমন জোয়াও ফেলিক্সের হেড ঠেকানোর পর ফিরতি বলে চেষ্টা করলেও সেটিও লক্ষ্যভেদ করতে পারেননি। শেষ পর্যন্ত হতাশা সঙ্গী করেই বিদায় নিতে হয়েছে তাকে।

অন্যদিকে ম্যাচের শুরু থেকেই মাঝমাঠে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে স্পেন। রদ্রি, দানি অলমো ও অ্যালেক্স বায়েনাদের সমন্বয়ে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে তারা। ম্যাচের অষ্টম মিনিটেই প্রথম বড় সুযোগ পায় স্প্যানিশরা। মাঝমাঠ থেকে অলমোর দারুণ থ্রু পাসে গোলরক্ষকের মুখোমুখি হয়ে যান মিকেল ওইয়ারসাবাল। কিন্তু দিয়াগো কস্তাকে কাটাতে গিয়ে তার শট পোস্টের ডান পাশ ঘেঁষে বাইরে চলে যায়।

১৫ মিনিটে আবারও চাপে পড়ে পর্তুগাল। ডান দিক দিয়ে লামিনে ইয়ামালের শট দারুণভাবে ঠেকিয়ে দেন কস্তা। ফিরতি বলে অ্যালেক্স বায়েনাও গোলের চেষ্টা করেন, কিন্তু সেখানেও অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন পর্তুগিজ গোলরক্ষক।

প্রথমার্ধে পর্তুগালের সেরা সুযোগটি আসে ৪১ মিনিটে। নুনো মেন্ডেজের শক্তিশালী শট স্পেনের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে ক্রসবারে আঘাত করে ফিরে আসে। ভাগ্য সহায় হলে তখনই এগিয়ে যেতে পারত পর্তুগাল।

বিরতির পর দুই দলই আঁটঘাট বেঁধে নামে। শুরুটা করেছিল অবশ্য পর্তুগাল। প্রথম কয়েকটি মিনিট বেশ দাপটের সঙ্গে খেলে তারা। তবে গোলের কোনো সুযোগ তৈরি হয়নি। এর মধ্যে ৫৫ মিনিটের মাথায় বড় একটি ধাক্কা খায় তারা। লামিনে ইয়ামালের একটি শট ব্লক করতে গিয়ে চোট পান নুনো মেন্ডেজ। মাঠ ছাড়তে বাধ্য হন প্যারিস সেইন্ট-জার্মেইনের এই লেফটব্যাক। তার বদলি হিসেবে নামেন নেলসন সেমেদো। মেন্ডেজ মাঠ ছাড়ার পরই ডান প্রান্তে আরও বেশি প্রভাব বিস্তার করতে শুরু করেন ইয়ামাল।

সময়ের সঙ্গে সঙ্গে স্পেনের আক্রমণের ধার বাড়তে থাকে। মাঝমাঠ পুরোপুরি চলে যায় তাদের নিয়ন্ত্রণে। রদ্রি, দানি অলমো আর পেদ্রির ট্রায়ো প্রচুর বল বের করতে থাকেন, এগিয়ে দিতে থাকেন সামনে দুই পাশ থাকা ইয়ামাল বার বায়েনার কাছে। তাতে একের পর এক পরীক্ষার মুখে পড়তে হয় পর্তুগিজ গোলরক্ষক কস্তাকে।

দারুণ দক্ষতায় কস্তাও একের পর এক আক্রমণ ঠেকিয়ে যাচ্ছিলেন। পর্তুগিজ ডিফেন্ডারদের কারণে ডি-বক্সের ওপরের দিকেও কিছু আক্রমণ নস্যাৎ হয়ে যায়। সব মিলিয়ে স্পেন দারুণ খেললেও অ্যাটাকিং থার্ডে গিয়ে ফিনিশিংয়ের ব্যর্থতায় লিড পাওয়া হচ্ছিল না স্পেনের।

বিশ্বকাপের মাঠে সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুহূর্ত। পরাজয়ের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের মাঠে সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুহূর্ত। পরাজয়ের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। ছবি: সংগৃহীত

৭৫ মিনিটের মাথায় বায়েনাকে তুলে নিয়ে ফেরান তোরেসকে নামান লুইস দে লা ফুয়েন্তে। ৮৫ মিনিটের মাথায় পেদ্রি আর দানি অলমোর বদলে নামান ফ্যাবিয়ান রুইজ আর মিকেল মেরিনোকে। বদলি খেলোয়াড়রা নামতে আক্রমণের ধার যেন আরও বেড়ে যায় স্পেনের। তবু কস্তাসহ পর্তুগালের রক্ষণের দৃঢ়তায় ম্যাচ অতিরিক্ত ৩০ মিনিটের দিকে গড়াতে যাচ্ছে বলেই মনে হচ্ছি।

কিন্তু নির্ধারিত সময়ের ঠিক ৯০ মিনিটের মাথায় আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। নায়ক দুই বদলি খেলোয়াড়। ফেরান তোরেসের নিখুঁত থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন মিকেল মেরিনো। অসাধারণ স্থিরতায় গোলরক্ষক দিয়াগো কস্তাকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। ঘড়ির কাঁটায় তখন ৯০ মিনিট ৭ সেকেন্ড। গোলের পরই ইউরোতে করা নিজের স্মরণীয় উদ্‌যাপনের পুনরাবৃত্তি করে কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে গোল উদ্‌যাপন করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।

শেষ মুহূর্তের এ গোল পর্তুগালের বিশ্বকাপযাত্রায় ছিল শেষ পেরেক। তারপরও যোগ করা ৬ মিনিটের খেলায় পর্তুগাল যথাসাধ্য চেষ্টা করেছে। শেষ দিকে বার্নার্দো সিলভার একটি হেড গোলবারের সামান্য ওপর দিয়ে গিয়ে জালে পড়ে। আরও গোটা দুয়েক আক্রমণে শেষ মুহূর্তে ব্যতিব্যস্ত হয়ে পড়তে স্প্যানিশ রক্ষণকে।

পর্তুগালের মরিয়া চেষ্টাতেও শেষ পর্যন্ত কাজ হয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্পেনের উৎসব আর পর্তুগালের হতাশা স্পষ্ট হয়ে ওঠে। একই সঙ্গে শেষ হয়ে যায় বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ দুই দশকের বর্ণিল অধ্যায়।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র অথবা বেলজিয়াম।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

নাহিদের দেশসেরা বোলিং ফিগারে জিম্বাবুয়ে ১৪১ রানে অলআউট

নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ওয়ানডে সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে অলআউট করে দিয়েছে টাইগাররা। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন এই গত

১১ ঘণ্টা আগে

ব্রুনোকেই পেনাল্টি নিতে বলেছিলেন অ্যানচেলত্তি— জানালেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জানান, পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত ছিল কোচ কার্লো অ্যানচেলত্তির। ম্যাচ শুরুর আগেই ব্রুনো গিমারায়েসকে প্রথম পেনাল্টি টেকার হিসেবে ঠিক করে দিয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, “কোচ ম্যাচের আগেই ঠিক করে দেন কে পেনাল্টি নেবে। তিনি ব্রুনোকেই বেছে নিয়েছিলেন।”

১২ ঘণ্টা আগে

নাহিদ-তাসকিনের দাপটে ৪৭ রানেই ৫ উইকেট নেই জিম্বাবুয়ের

শুরুতে একটি সহজ ক্যাচ হাতছাড়া হলেও পরে তাসকিন আহমেদ ও নাহিদ রানার দারুণ বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। ১৫ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪৭ রান।

১৩ ঘণ্টা আগে

লাল কার্ড পেয়েও মাঠে নামবেন বালেগুন, ট্রাম্পের হস্তক্ষেপ ঘিরে রাজনৈতিক বিতর্ক

বিশ্বকাপের প্রথম ২৪ দিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট প্রায় পুরোপুরিই রাজনৈতিক বিতর্কের বাইরে ছিল। কিন্তু ট্রাম্পের একটি আবেদন ঘিরে সেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেল। ফিফার নিরপেক্ষতা, ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক এবং রাজনৈতিক প্রভাব— সবকিছুই এখন প্রশ্নের মুখে।

১৪ ঘণ্টা আগে