এবার সিইসির পদত্যাগ দাবি ককরোচ পার্টির, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পদত্যাগ না করলে দেশ জুড়ে আন্দোলনের পাশাপাশি দিল্লিতে ফের বড় বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এ দাবি জানান। তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশ জুড়ে আন্দোলন শুরু করা হবে, দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচি দেওয়া হবে।
সিজেপির মূল অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটারদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।
তাদের এই দাবির পেছনে রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুসন্ধানী প্রতিবেদন, যেখানে বলা হয়েছে— গত ১০ মাসে নির্বাচন কমিশনের দুই সদস্য সিইসি জ্ঞানেশ কুমারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্তত ১৪ বার আপত্তি বা উদ্বেগ জানিয়েছিলেন। নির্বাচন কমিশন অবশ্য নিজেদের মধ্যে বিভেদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সিজেপির আরও দুটি দাবি হলো— আসন্ন সব নির্বাচন আপাতত স্থগিত রাখা ও এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দেওয়া, পাশাপাশি নির্বাচন কমিশনের কার্যক্রম খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা। সংগঠনটি নির্বাচন কমিশনের কাঠামো পুনর্গঠনে নতুন আইন করার দাবিও তুলেছে।
এর আগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা খাতের অনিয়মের অভিযোগে ককরোচ পার্টির নেতৃত্বে হওয়া আন্দোলনের মুখে ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন। সেই আন্দোলনের পর সংগঠনটি এবার নির্বাচন কমিশনকে নতুন লক্ষ্য বানিয়েছে।



















