প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত বিচারের ঘোষণা মোদির, পালটা প্রতিক্রিয়া রাহুল গান্ধীর

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২: ৩১
নরেন্দ্র মোদি (বাঁয়ে) ও রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ এবং পার্লামেন্টে অচলাবস্থার মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

তবে তার এই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।’

তিনি জানান, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মোদি বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁসে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার ধারাবাহিকভাবে যেসব পদক্ষেপ নিচ্ছে, এটি তারই অংশ।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক পদক্ষেপ চলবে। যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধী দলগুলোর চলমান বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রীর এই ঘোষণা এলো। বিক্ষোভকারীরা একই সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করে আসছে।

মোদির ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই পালটা প্রতিক্রিয়া জানান লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন প্রধানমন্ত্রী নিজেই।

রাহুল লেখেন, ‘তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতি করেছেন আপনিই। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি দখল ও ধ্বংস হতে দিয়েছেন, বরং এর জন্য দায়ীদের রক্ষা করেছেন।’

তিনি শিক্ষার্থীদের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেন। দাবিগুলো হলো— ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বুধবার রাহুল গান্ধী দাবি করেছিলেন, গত ১০ বছরে ভারতে ১৫০টির বেশি প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। কিন্তু এসব মামলায় এখন পর্যন্ত একজনেরও দণ্ড হয়নি। এর পরদিনই প্রশ্নফাঁসের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের দ্রুত সাজা নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদি।

মোদির ঘোষণার প্রতিক্রিয়ায় সিজেপিও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে। এক্সে দেওয়া এক পোস্টে দলটি লিখেছে, ‘ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’

এর আগে মঙ্গলবার এনডিএর বৈঠকেও প্রশ্নফাঁস ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বিষয়টিকে ‘ঘোর পাপ’ বলে মন্তব্য করেছিলেন।

প্রশ্নফাঁস এবং সোমবার রাজধানীতে শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের ঘটনায় প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে বক্তব্য দেওয়ার দাবি জানিয়ে আসছে বিরোধীরা।

একই সঙ্গে সিজেপির বিক্ষোভকারীরা ও বিরোধী দল প্রশ্নফাঁসের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করছে। বিরোধীরা জানিয়েছে, তার পদত্যাগ ছাড়া পার্লামেন্টে এ বিষয়ে কোনো আলোচনায় তারা অংশ নেবে না।

অন্যদিকে সরকার জানিয়েছে, তারা পার্লামেন্টে এ বিষয়ে আলোচনায় রাজি। তবে সরকারের অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে পূর্বশর্ত করে বিরোধীরাই সংসদের আলোচনা বাধাগ্রস্ত করছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রুথ সোশ্যাল পোস্ট আগাম দেখার পেইড সেবা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।

১৩ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

১৫ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে