কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, হতাহতের তথ্য নেই

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর কাতারের আকাশ। ছবি: রয়টার্স

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। বিশ্লেষকরা বলছেন, এ হামলার ফলে ইরান-ইসরায়েল সংঘাত আরও প্রকট হয়ে উঠল।

বিবিসি, আল-জাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার (২৩ জুন) রাতে কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত আল উদেইদ ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বিমান অভিযানের সদর দপ্তর হিসেবে কাজ করে। এখানে প্রায় আট হাজার মার্কিন সেনা অবস্থান করেন।

এ হামলার খবর প্রথম দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তারা জানায়, বিশারাত ফাতেহ এবং ইয়া আবা আবদুল্লাহ নামে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, এই প্রথমবার এই ক্ষেপণাস্ত্র কোনো হামলায় ব্যবহার করা হলো। সেই সঙ্গে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

পরে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্দেশে এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নেতৃত্বে কাতারের উদেইদ ঘাঁটিকে বিধ্বংসী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।

দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, এই সফল অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ বোমা ব্যবহার করেছিল তার সমান ছিল। শক্তিশালী ইরানি বাহিনীর হামলায় যে ঘাঁটিটি লক্ষ্যবস্তু করা হয়েছিল তা কাতারের নগর স্থাপনা এবং আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল।

উদেইদ ঘাঁটিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আমরা এটিকে কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, এর আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের একটি স্পষ্ট লঙ্ঘন বলে মনে করি।

মুখপাত্র বলেন কাতারের বিমান প্রতিরক্ষাব্যবস্থা হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিয়েছে। ঘাঁটিটি আগেই খালি করা হয়েছে। এই নির্লজ্জ আগ্রাসনের প্রকৃতি এবং মাত্রার সঙ্গে সমানভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার কাতারের রয়েছে।

হামলায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কাতার। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও একই তথ্য জানিয়ে বলেছে, ইরান থেকে আল উদেইদ বিমান ঘাঁটিতে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আমেরিকান হতাহতের খবর নেই।

এ হামলার খবর প্রচারের পর জানা গেছে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বর্তমানে হোয়াইট হাউযের সিচুয়েশন রুমে অবস্থান করছেন। এ দুই ব্যক্তি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ বেসামরিক এবং সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে রিপোর্ট করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের কর্মকর্তাদের অস্ত্র ত্যাগ করার আহ্বান ট্রাম্পের

এছাড়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে দেশটির সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, এটি (সরকার) দখল করে নেওয়া এখন আপনাদেরই দায়িত্ব।

৪ ঘণ্টা আগে

ইসরায়েলের দিকে ইরানের পাল্টা হামলা শুরু

ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে, যার ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে।

৪ ঘণ্টা আগে

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকারে’ সমর্থন যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের তালেবান সরকারের হামলার বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে উল্লেখ করে এতে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

৫ ঘণ্টা আগে

পাক-আফগান পালটাপালটি হামলা অব্যাহত, আলোচনায় বসতে চায় তালেবান

ইরানের পর সংযুক্ত আরব আমিরাতও পাক-আফগান সংঘাতে মধ্যস্ততা করার আগ্রহের কথা জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রকারান্তরে সমর্থন জানিয়েছে পাকিস্তানকে। চলমান পরিস্থিতিতে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

৬ ঘণ্টা আগে