রণসাজে যুক্তরাষ্ট্র, ইরানে যেকোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব রুখতে দেশটিতে কয়েক সপ্তাহব্যাপী এক বিশাল সামরিক অভিযান চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই এই হামলা শুরু হতে পারে বলে মার্কিন সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সম্ভাব্য অভিযানটি বিগত দশকের যেকোনো সংঘাতের চেয়ে ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, এই পরিকল্পনার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ঝুঁকি আরও বেড়ে গেলো। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থবির হয়ে পড়া কূটনীতি পুনরুজ্জীবিত করতে গত সপ্তাহে ওমানে দুই দেশের কূটনীতিকরা আলোচনা করেছেন। তবে এরই মধ্যে ট্রাম্প ওই অঞ্চলে বিপুল সেনা সমাবেশ ঘটিয়েছেন, যা নতুন সামরিক অভিযানের আশঙ্কা তৈরি করছে।

শুক্রবার পেন্টাগন জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে। এর সঙ্গে হাজার হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং আক্রমণ ও প্রতিরক্ষায় সক্ষম অন্যান্য সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে।

উত্তর ক্যারোলাইনার একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানো ‘কঠিন হয়ে দাঁড়িয়েছে’। তিনি বলেন, ‘কখনও কখনও আপনার মধ্যে ভয় থাকতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এটাই একমাত্র পথ।’

সম্ভাব্য দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি বলেন, ‘ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব পথই খোলা রয়েছে। তিনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি শোনেন, তবে দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিজেই নেন।’

অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন।

গত বছরও ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। তবে জুনের ‘মিডনাইট হ্যামার’ অপারেশন ছিল মূলত একটি একক আক্রমণ। এর জবাবে কাতারের একটি মার্কিন ঘাঁটিতে সীমিত পাল্টা হামলা চালিয়েছিল ইরান।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এবারের পরিকল্পনা অনেক বেশি জটিল। দীর্ঘমেয়াদি অভিযানে কেবল পারমাণবিক অবকাঠামো নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা বাহিনীর স্থাপনাগুলোতেও আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বেশ শক্তিশালী হওয়ায় এই অভিযানে মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি অনেক বেশি। ইরানের পাল্টা হামলার ফলে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। মার্কিন কর্মকর্তারাও ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা এবং দীর্ঘ সময় ধরে আক্রমণ-প্রতিআক্রমণ চলার আশঙ্কা করছেন।

ট্রাম্প বারবারই ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং অভ্যন্তরীণ দমনপীড়নের ইস্যুতে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়ে আসছেন। বৃহস্পতিবার তিনি সতর্ক করে বলেন, কূটনৈতিক সমাধান না হলে এর বিকল্প হবে ‘খুবই যন্ত্রণাদায়ক’।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি ভূখণ্ডে হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে থাকা যেকোনও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত করবে। জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে কোনও চুক্তি হলে তাতে ইসরায়েলের জন্য অত্যাবশ্যকীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে ক্ষেপণাস্ত্র ইস্যুকে এর সঙ্গে যুক্ত করতে রাজি নয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধ বন্ধে ‘স্বল্পমেয়াদি চুক্তি’র পথে ইরান-যুক্তরাষ্ট্র

ইরান ও যুক্তরাষ্ট্র তাদের চলমান যুদ্ধ বন্ধে একটি ‘অস্থায়ী সমঝোতা’র দিকে এগোচ্ছে বলে বিভিন্ন সূত্র ও কর্মকর্তারা জানিয়েছেন। তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের এমন একটি প্রস্তাব পর্যালোচনা করছে, যা সংঘাত থামাতে পারে, তবে দুপক্ষের মধ্যে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলো অমীমাংসিতই থেকে যাবে।

১৪ ঘণ্টা আগে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ, সংলাপের আহ্বান আরাগচির

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ হয়েছে। এতে ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানকে সংলাপ, কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন আরাগচি।

১৫ ঘণ্টা আগে

পুশব্যাক: বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানাল ভারত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাকে’র আশঙ্কা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

১৫ ঘণ্টা আগে

বিধানসভা ভেঙে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মমতা এখন ‘সাবেক’ মুখ্যমন্ত্রী

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ হলো রাজ্য সরকার আর বর্তমান নেই। ফলে পদত্যাগ না করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভা এখন ‘সাবেক’।

১৫ ঘণ্টা আগে