বিরোধী মতকে দমন-পীড়নের পুরনো কায়দা দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২১: ০৯
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে এবং বিরোধী মত দমনে সরকারের মধ্যে পুরনো কায়দা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জুলাই সনদের বাস্তবায়ন, অপরাধীদের বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘সম্প্রীতির জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। আলোচনা সভার আয়োজন করে এনসিপি ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।

সম্প্রতি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং দেশে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করা।

সরকার এসব বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানকে সফল করতে এবং দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থান শুরু থেকেই অসাম্প্রদায়িক চরিত্র ধারণ করেছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই এ আন্দোলন সফল হয়েছে। তাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠী নয়, বরং দল-মতনির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে।

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সহিংসতার যেসব খবর পাওয়া যাচ্ছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনারও দাবি জানান বিরোধী দলীয় চিফ হুইপ।

আলোচনা সভায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও বলেন, যে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, বিএনপি মুখে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কথা বললেও তা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। সরকারের প্রতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি দেশের ১৭ কোটি মানুষের প্রত্যাশা।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের মতো চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানেও বৌদ্ধ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। কিন্তু সেই আন্দোলনের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি। বরং দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের ওপর হামলার ঘটনা ঘটছে, অথচ এসব বিষয়ে গণমাধ্যমে তেমন আলোচনা দেখা যায় না।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের মূল চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত হবে।

চাকরি খোঁজার প্ল্যাটফর্ম বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর বলেন, বিভিন্ন পক্ষ এখনো জুলাই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। অথচ ভিন্ন ধর্মাবলম্বী যারা জুলাইয়ে প্রাণ দিয়েছেন, তারাই প্রমাণ করে গেছেন এটি ছিল একটি অসাম্প্রদায়িক আন্দোলন। তাই এ সত্য সঠিকভাবে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বসতভিটায় সবচেয়ে বেশি হামলা ও দখলের ঘটনা ঘটেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। কিন্তু এসব ঘটনার বিচার হয়নি। তিনি বলেন, ‘নতুন যে বাংলাদেশের কথা আমরা বলছি, সেটি এখনো পুরোপুরি অর্জিত হয়নি।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির সহসভাপতি প্রলয় কুমার পাল এবং জাতীয় ছাত্রশক্তির ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক জয় বিশ্বাস।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সার্জিও গরের, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় জোর

প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা সফররত সার্জিও গরের সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ত্রয়োদশে বিএনপির চেয়েও ১৮% বেশি খরচ জামায়াতের, শূন্য ব্যয় ২৮ দলের

কেবল বিএনপির তুলনায় নয়, দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি খরচ করা দলও বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। মোট খরচে তাদের পরেই অবস্থান বিএনপির। আর দল হিসেবে কোনো খরচই করেনি— এমন দলের সংখ্যা ২৮টি!

১৭ ঘণ্টা আগে

তারেক রহমান ৬ মাসেই প্রমাণ দিয়েছেন, উনি ফেল করেছেন: পাটওয়ারী

সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যেই পরীক্ষায় ফেল এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ ১৮ কোটি মানুষ, এই মানুষের যেই পরীক্ষায় ফেল করে— এই বাসের ড্রাইভার যদি ১৮ কোটি মানুষকে নিয়ে এক্সিডেন্ট করে, তাহলে দেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না।’

১ দিন আগে

সালাউদ্দিন তানভীরকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শানোরও নির্দেশ দিয়েছে দলটি।

১ দিন আগে