স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(ওপরের সারিতে বাঁ থেকে) আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু ও আন্দালিভ রহমান পার্থ; (নিচের সারিতে বাঁ থেকে) আফরোজা খানম, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। কোলাজ: রাজনীতি ডটকম

সরকার ও বিএনপির বিভিন্ন সূত্র যা জানিয়েছিল, সেটিই সত্যি হলো। সরকারের যাত্রার ছয় মাস পর মন্ত্রিসভায় যুক্ত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। সরকারে যুক্ত হওয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও পেয়েছেন দপ্তর। মন্ত্রিসভায় থাকা রশিদুজ্জামান মিল্লাত ও আফরোজা খানমের দায়িত্বে বদল এসেছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত গভীর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করে। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে।

প্রজ্ঞাপন বলছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো এবার।

মিল্লাতের ‘পদোন্নতি’তে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছাড়তে হয়েছে আফরোজা খানমকে। তাকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন এই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী ছিলেন না, মো. আব্দুল বারী জনপ্রশাসনের পাশাপাশি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রুকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। সরকারের যাত্রা শুরুর সময় দীপেন দেওয়ানকে এই মন্ত্রণালয়ে মন্ত্রী করা হয়েছিল। গত ১ জুন তিনি পদত্যাগ করেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন।

বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়। এতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। গুঞ্জন রয়েছে, তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে যুক্ত করা হতে পারে।

এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে ‘টেকনোক্র্যাট’ হিসেবে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন খলিলুর রহমান, প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন শামা ওবায়েদ। এর ফলে এক মন্ত্রণালয়েই থাকতে যাচ্ছেন দুজন প্রতিমন্ত্রী, যার নজির নিকট অতীতে কখনো দেখা যায়নি।

সরকারের সংশ্লিষ্টরা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। দীর্ঘ সময় সে দায়িত্ব পালন করতে হবে। তিনি নিজে জানিয়েছিলেন, এ দায়িত্ব পালনের সময় সরকারের কাছে ছুটি চাইবেন তিনি। ধারণা করা হচ্ছে, তার ইউএনজিএ সভাপতির দায়িত্ব পালনের সময় মন্ত্রণালয় সামলাতেই দুজন প্রতিমন্ত্রী রাখা হলো।

তারেক রহমানের মন্ত্রিসভার সবশেষ সংযোজন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। তাকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের যাত্রা শুরুর ছয় মাস পূরণের পরপরই মন্ত্রিসভায় এই রদবদল আনা হলো। সব মিলিয়ে বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন ৫২। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৭ জন, প্রতিমন্ত্রী ২৪ জন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement