জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছে। পাঁচ বছর পর দেশটিতে সফরে যাবেন প্রধানমন্ত্রী।

তবে তার আগে তিনি দিল্লি সফর করবেন। দিল্লি সফরের পরই সরকারপ্রধান বেইজিং সফর করবেন।

ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো প্রধানমন্ত্রীর বেইজিং সফরের তথ্য নিশ্চিত করেছে।

বেইজিংয়ের একটি কূটনৈতিক সূত্র বলছে, জুলাইয়ে প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী বেইজিং সফরে যাবেন। সরকারপ্রধানের সফরটি তিনদিনের হতে পারে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, শেখ হাসিনা ভারতের লোকসভা নির্বাচনের পর দিল্লি সফর করার কথা রয়েছে। আশা করা হচ্ছে, জুনের কোনো একটা সময়ে দিল্লি সফরে যাবেন সরকারপ্রধান। তবে সফরটি জুনের শেষ নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনা প্রথম বিদেশ সফর করেন জার্মানিতে। গত ফেব্রুয়ারিতে তিনি দেশটিতে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেন। বহুপক্ষীয় ফোরামের বাইরে বঙ্গবন্ধুকন্যা প্রথম দ্বিপক্ষীয় সফরে কোন দেশে যাবেন, দিল্লি না বেইজিং-এ নিয়ে কূটনৈতিক মহলে বেশ আলোচনা ছিল। তবে সব আলোচনাকে পেছনে ফেলে সরকারপ্রধান গত মাসের (এপ্রিলের) শেষের দিকে ব্যাংককে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে বেইজিং নেওয়ার পরিকল্পনা ছিল চীনের। গত বছরের (২০২৩) ২৩ সেপ্টেম্বর চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে অতিথি করতে চেয়েছিল চীন। তবে ওই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে সরকারপ্রধান চীনে যেতে পারবেন না বলে বেইজিংকে জানানো হয়েছিল। পরে ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে মরিয়া হয়ে ওঠে দেশটি। গত রমজানের মধ্যেও প্রধানমন্ত্রীকে চীন সফর করার একটা ‘তড়িঘড়ি’ প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ঢাকার পক্ষ থেকে বেইজিংকে জানানো হয়েছিল, সরকারপ্রধান রমজান মাসে বিদেশ সফর করেন না।

গত মাসের (এপ্রিল) শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বেইজিংয়ের পক্ষ থেকে আগামী জুলাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন সরকারপ্রধান। এদিকে, দুই দিনের সফরে বুধবার (৮ মে) সন্ধ্যায় ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা। ভারতীয় পররাষ্ট্রসচিব বৃহস্পতিবার (৯ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কোয়াত্রা প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দিতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের জুলাইয়ে সর্বশেষ চীন সফর করেছিলেন। তখন বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন হাসিনা-শি। ২০১৯ সালের পর দুই শীর্ষ নেতা ওই বৈঠকে বসেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১৩ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে