২৭ জন পুলিশের হেফাজতে, সাংবাদিক সূর্যসহ ছাড়া পেলেন বাকিরা
-535698-480x270.webp)
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে হেফাজতে রাখা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক ২৭ জনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দলীয় কার্যালয়ে সভা করতে পুলিশের অনুমতির প্রয়োজন নেই। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। মন্ত্রীর ভাষ্য, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন নাশকতা করার জন্য একত্রিত হয়েছে। সে অনুযায়ী পুলিশ সেখানে যায়।’
অভিযানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিদের যাচাই-বাছাইয়ের পর ২৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তাঁদের আটক করার পর যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৭ জনকে রাখা হয়েছে, বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মোবাইল ফোন ফরেনসিক করা হবে।’
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে সাংবাদিক নেতাসহ উপস্থিত নেতা-কর্মীদের আটক করে বিভিন্ন থানায় নেওয়া হয়। পুলিশের হিসাবে, অভিযানে ২৮০ থেকে ৩০০ জনকে হেফাজতে নেওয়া হয়েছিল।
তবে জাসদের দাবি, পুলিশের অনুমতি নিয়েই কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। ওই সভায় অভিযান চালিয়ে নেতা-কর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। কার্যালয়ে আওয়ামী লীগের লোকজনের গোপন বৈঠক কিংবা নাশকতার প্রস্তুতির অভিযোগও অস্বীকার করেছে জাসদ।













-c902ac-256x144.webp)



-6aeee2.jpg)