শেখ হাসিনাকে ফেরাতে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: পিআইডি
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: পিআইডি

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একজন মুখপাত্র বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাবে বলে যুক্তরাষ্ট্র আশা করে।

মার্কিন ওই মুখপাত্র আরও বলেন, ‘এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি। আমরা বুঝতে পারছি যে, বিষয়টি ভারত ও বাংলাদেশের বৈরিতার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আশা করছি, তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটি সমাধানে পৌঁছাবে। আর হাসিনার সঙ্গে কী হওয়া উচিত, তা আমরা এখনো নির্দিষ্ট করে জানাইনি।’

এই প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, ‘আমরা তাকে (শেখ হাসিনা) চাইছি এবং ভারতকে হস্তান্তর করতে হবে। মানে আমেরিকা যেটা বোঝানোর চেষ্টা করেছে সেটা আসলে একটা বাইল্যাটারাল ইস্যু, এটার মধ্যে কোনো অন্য কোনো দেশের আসলে কোনো ইনভলভমেন্টের প্রয়োজন নাই। আমরাও তাই মনে করি।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, “আমাদের একজন দণ্ডপ্রাপ্ত ভয়ঙ্কর আসামি, ভয়ঙ্কর আসামি, আমিও কথাটা সবসময় বলি। উনি খুন করেননি, উনি যেটা করেছেন এটাকে ‘ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি’ বলে। এটা একটা আলাদা মাত্রার অপরাধ, মানবতাবিরোধী অপরাধ। যেটার বিচার ইন্টারন্যাশনাল কোর্টে করা যায়।”

‘সো, এইরকম একজন আসামি, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তিনি ইনডিয়াতে আছেন, আমরা অবশ্যই তাকে ফেরত চাই। এটা আমাদের দ্বিপক্ষীয় ব্যাপার এবং আমরা সে আলোচনা চালিয়ে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি,’ যোগ করেন জাহেদ উর রহমান। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি আগে একদিন বলেছিলাম যে ভারতের হাই কমিশনারের সাথে যখন আমার সৌজন্য বৈঠক হয়েছিল, তখনও আমি তাকে এই কথাটা বলেছি। উনি যার সাথেই দেখা করছেন, বাংলাদেশের এই অস্বস্তির জায়গাটা ভারতকে জানাচ্ছেন। আমি আশা করি যে তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement