শোকাবহ ১৫ আগস্ট আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০২: ০৬
শেখ মুজিবুর রহমান । ১৭ মার্চ ১৯২০ - ১৫ আগস্ট ১৯৭৫

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম রূপকার এই নেতাকে সপরিবারে হত্যা করা হয়।

৫১ বছর আগের সে রাতে শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য এবং নিকটাত্মীয় ২৬ জনকে হত্যা করা হয়। শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ওই সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার বোনকে নিয়ে এখন ভারতে অবস্থান করছেন।

সে রাতে শেখ মুজিব ছাড়াও যাদের হত্যা করা হয় তাদের মধ্যে রয়েছেন— তার সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তাকে বাঁচাতে ছুটে যাওয়া নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক।

এ ছাড়া বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি; বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে তাকে ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত ও এক আত্মীয় রেন্টু খানকে হত্যা করা হয়।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্ট দিনটিকে শোক দিবস ঘোষণা করে। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার সে ঘোষণা বাতিল করে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আবারও ১৫ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

সবশেষ জুলাই অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ায়ী লীগ সরকারের পতনের পর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। এ বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর সে সিদ্ধান্ত আর পরিবর্তন হয়নি।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ও বনানী কবরস্থানে ১৫ আগস্টের নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন করতেন আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদসহ বিশেষ প্রার্থনা ও কাঙালিভোজের আয়োজন করা হতো।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৩২ নম্বরের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত বাড়িটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে।

এর মধ্যে জুলাই আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সন্ত্রাসবিরোধী আইনে গত বছর ১০ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। আগের বছরের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এ অবস্থায় কোনো কর্মসূচি পালন করতে না পেরে গত বছর আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৫ আগস্ট উপলক্ষ্যে শোক জানায়। এ বছরও আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানিয়েছে।

নাশকতার আশঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা

১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে বৃহস্পতিবার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক আরিফুল ইসলাম তাদের মধ্যে ৫২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি দুজন কিশোর হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এদিকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১৫ আগস্ট উপলক্ষ্যে দেশের প্রতিটি ব্যাটালিয়ন নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‌্যাব আরও বলেছে, ১৫ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নিষিদ্ধঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা যেন অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছে।

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা সহকারে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পেশাজীবী মানবাধিকার পরিষদ। সংগঠনের আহ্বায়ক ডা. জামাল উদ্দিন চৌধুরী, সহ-আহ্বায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান ও সদস্য সচিব কৃষিবিদ মিজানুর রহমান শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ২৩ বছরের পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-নির্যাতনের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে ধাপে ধাপে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের জন্য জাতিকে প্রস্তুত করেছিলেন শেখ মুজিবুর রহমান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাকে ‘মানবাধিকারের চরম লঙ্ঘন’ অভিহিত করে বিবৃতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত শেখ মুজিবুর রহমানসহ বাকিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান পরিষদের নেতারা।

দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবে জাসদ

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)। ১৫ আগস্ট বিকেল ৫টায় দলের পক্ষ থেকে তোপখানা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এই শ্রদ্ধা জানানো হবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাসদ ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে তীব্র ঘৃণা ও গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এ বর্বর ঘটনা এক অমোচনীয় কলঙ্ক হিসেবে থেকে যাবে। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিত করার মাধ্যমেই জাতির এ কলঙ্ক দূর করা সম্ভব বলে বাংলাদেশ জাসদ মনে করে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নিত্যপণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে আপস করে নয়াদিল্লি সফর করলে জনগণ বুঝে নেবে তারেক রহমান খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতি করেন না।’

৭ ঘণ্টা আগে

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের খবর ভারতীয় গণমাধ্যমে

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হয়ে উঠতে পারে।

১২ ঘণ্টা আগে

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১৩ ঘণ্টা আগে

প্রত্যর্পণ ইস্যু অমীমাংসিত রেখেই কি এগোবে ঢাকা-দিল্লি সম্পর্ক?

অর্থাৎ বর্তমান সময়ের সবচেয়ে সংবেদনশীল ইস্যু প্রত্যর্পণকে আলাদা রেখে বাকি ক্ষেত্রগুলোতে সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি সতর্ক কৌশল— এখন পর্যন্ত দৃশ্যমান নতুন কূটনৈতিক গতিপথের এটিই সবচেয়ে স্পষ্ট চিহ্ন বলে মনে করছেন বিশ্লেষকরা।

১৬ ঘণ্টা আগে