হাদির ওপর হামলার মাস্টারপ্লান ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই হামলার মাস্টারপ্লান এখন ধীরে ধীরে দিনের আলোতে পরিষ্কার হয়ে যাচ্ছে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

রিজভী বলেন, একটি সংগঠিত মহল সুপরিকল্পিতভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায় চাপানোর উদ্দেশ্যে এই হামলার নকশা তৈরি করেছে। তিনি দাবি করেন, জনগণ যেমন বিষয়টি বুঝতে পারছে, তেমনি প্রশাসনও এই ভয়ংকর ষড়যন্ত্রের নেপথ্যের কারিগরদের সম্পর্কে অবগত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। কিন্তু কেউ কেউ ৫ আগস্টের পর দেশে জনতাতন্ত্র ও বিশৃঙ্খলার সংস্কৃতি তৈরি করতে চেয়েছে। উশৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে কখনো সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।’

হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রিজভী বলেন, ‘হাদির ওপর যারা হামলা চালিয়েছে, তারা যেই হোক না কেন—জনগণ তাদের চিনে ফেলেছে। আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’

তিনি অভিযোগ করেন, হামলার মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়া হয়, যেখানে কোনো তদন্ত ছাড়াই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ইঙ্গিত করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, তদন্ত শুরু হওয়ার আগেই যদি সামাজিক মাধ্যমে দোষী নির্ধারণ করা হয়, তাহলে তদন্তের প্রয়োজনীয়তা কোথায়?

রিজভী বলেন, শান্তিনগর, সাজানপুর ও খিলগাঁওসহ আশপাশের এলাকায় বহু প্রভাবশালী রাজনৈতিক নেতা দীর্ঘদিন ধরে বসবাস করলেও তারা কখনো এ ধরনের হামলার শিকার হননি। তাহলে হঠাৎ করে শরিফ ওসমান হাদিকেই কেন টার্গেট করা হলো—এই প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদি কখনোই মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি কিংবা রাজনৈতিকভাবে তাকে আক্রমণ করেননি। দেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়াই কি তার অপরাধ—এমন প্রশ্ন রাখেন বিএনপির এই মুখপাত্র।

মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন তুলে ধরে রিজভী বলেন, প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে সহিংসতার কোনো অভিযোগ নেই। একজন অভিভাবকসুলভ ও সহনশীল মানুষ হিসেবে পরিচিত মির্জা আব্বাস নিজের সন্তানের বয়সী একজন তরুণ প্রার্থীকে ক্ষতিগ্রস্ত করবেন—এটি বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, পুলিশ কমিশনার নিজেই গণমাধ্যমে জানিয়েছেন যে হামলার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এটি বিএনপির বক্তব্য নয়, বরং রাষ্ট্রের দায়িত্বশীল তদন্তকারী সংস্থার বক্তব্য বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র এবং ঢাকা–৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম সরফতুসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন আসনের প্রার্থী, নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক সমাবেশে অংশ নেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১২ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১২ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে