রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৩ ছাত্রদল নেতাকে বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিন নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদল। পাশাপাশি আরও ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটি।
সোমবার (৫ অক্টোবর) রাতে সহসভাপতি পদমর্যাদায় ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা মো. জাহাঙ্গীর আলমের সই করা পৃথক দুই বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জাহাঙ্গীর আলমেরই সই করা আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবি শাখা ছাত্তদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম ও ছাত্রনেতা সাজুকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ দর্শানোর এই নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
এর আগে রোববার রাতে রাবির শহিদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জনের আহত হওয়ার অভিযোগ ওঠে।
আহত চার সাংবাদিক হলেন— বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু।

















