ব্যবসা-শিল্পে অর্থায়নে ঋণের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন। ছবি: সংগৃহীত

ব্যবসা ও শিল্প খাতে অর্থায়ন বাড়ানো ও সহজ করতে বড় ঋণ গ্রহীতা কোম্পানি বা গ্রুপের একক গ্রাহক ঋণসীমা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যবসায়ীদের জন্য ব্যাংক থেকে এখন আরও বেশি ঋণ নেওয়ার সুযোগ তৈরি হল।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তে একই সঙ্গে খেলাপি ঋণ থাকা ব্যাংকের ঋণ দেওয়ার হারেও সীমা বাড়ানো হয়েছে। এতে অপেক্ষাকৃত খেলাপি ঋণ বেশি থাকা ব্যাংকগুলোও বড় ঋণ বিতরণের সুযোগ পাবে।

বৃহস্পতিবার (১৪ মে) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এ বিষয়ে সার্কুলার পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে 'ফান্ডেড' ও 'নন-ফান্ডেড' ঋণ মিলিয়ে একক গ্রাহকের ঋণসীমা একবারে বাড়িয়ে ব্যাংকের মূলধনের ২৫ শতাংশ করা হয়েছে।

এর আগে ‘ফান্ডেড’ (সরাসরি ব্যাংক থেকে ঋণ গ্রহীতার অ্যাকাউন্টে) ঋণের ক্ষেত্রে একক গ্রাহকের ঋণসীমা ছিল ১৫ শতাংশ। ব্যবসা ও শিল্পের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের অর্থায়নের চাপ কমাতে তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্ত ২০২৮ সালের জুন পর্যন্ত বহাল থাকবে।

একই সঙ্গে এ সার্কুলারে ব্যাংকের খেলাপি হারের সীমার বিপরীতেও ঋণ দেওয়ার পরিমাণও বাড়ানো হয়েছে। এতে ব্যাংকের যেমন ঋণ বিতরণ করার সুযোগ বাড়বে, তেমনি বতর্মান ঋণ গ্রহীতাদেরও নতুন করে আরও ঋণ নেওয়ার সুযোগ তৈরি হবে। ব্যাংকগুলো চলতি মূলধন, রপ্তানি বা আমদানি বিল খাতে গ্রহীতাদের আরও বেশি ঋণ দেওয়ার সুযোগ পাবে।

এর আগে ২০২২ সালে নন-ফান্ডেড খাতে দেওয়া ঋণের বেশিরভাগ ফোর্সড ঋণে পরিণত হলে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ক নীতিমালায় কড়াকড়ি আরোপ করে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ফোর্সড ঋণ বেড়ে যাওয়ায় মুনাফা আটকে যায়। তখন একটি ব্যাংক তার ঋণের কত অংশ ফান্ডেড ও নন-ফান্ডেড হিসেবে দিতে পারবে তার সীমা বেঁধে দেওয়া হয়।

নতুন সিদ্ধান্তে ব্যাংকের খেলাপি হার কত হলে মূলধনের কত অংশ বৃহৎ ঋণ খাতে দিতে পারবে সেটি ঠিক করে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও ছাড় দেওয়ায় অপেক্ষাকৃত খেলাপি ঋণ বেশি থাকা ব্যাংকগুলোও বড় ঋণ বিতরণের সুযোগ পাবে।

ব্যাংকিং নীতিমালা অনুযায়ী, ক্ষুদ্র থেকে বড় আকারের ঋণ গ্রহণে গ্রাহকদের যেমন সীমা বেঁধে দেওয়া রয়েছে, ঠিক তেমনি কোন ব্যাংক কী পরিমাণ ঋণ দিতে পারবে সেটিরও একটি সীমা নির্ধারণ করে দেওয়া আছে।

একে ব্যাংকিং ভাষায় ‘এক্সপোজার’ বলা হয়। আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোনো ব্যাংক মূলধনের কত অংশ একক গ্রাহক ও বড় অঙ্কের ঋণ দিতে পারবে তা ঠিক করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিমালায় খেলাপি ঋণের হার অনুযায়ী ব্যাংকগুলো কত শতাংশ বড় ঋণ দিতে পারবে, সেটিও পুনর্নির্ধারণ করা হয়েছে। যেমন—

  • খেলাপি ঋণ ১০ শতাংশ পর্যন্ত হলে মোট ঋণের ৫০ শতাংশ বড় ঋণ হিসেবে বিতরণ করা যাবে।
  • ১০ থেকে ১৫ শতাংশ খেলাপি হলে ৪৬ শতাংশ পর্যন্ত বড় ঋণ দেওয়া যাবে।
  • ১৫ থেকে ২০ শতাংশ খেলাপি থাকলে সীমা হবে ৪২ শতাংশ।
  • ২০ থেকে ২৫ শতাংশ খেলাপি হলে ৩৮ শতাংশ পর্যন্ত বড় ঋণ দেওয়া যাবে।
  • ২৫ থেকে ৩০ শতাংশ খেলাপি থাকলে সীমা হবে ৩৪ শতাংশ।
  • খেলাপি ঋণ ৩০ শতাংশের বেশি হলে মোট ঋণের ৩০ শতাংশ বড় ঋণ দেওয়া যাবে।

এ ছাড়া বড় ঋণের মোট পরিমাণ এখন থেকে ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ৬০০ শতাংশ পর্যন্ত হতে পারবে। আগে এ সীমা ছিল ৪০০ শতাংশ।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৩ দিন আগে

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

৪ দিন আগে

আন্তর্জাতিক বাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তি নিয়ে বিস্তারিত তথ্যের অভাব এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

৪ দিন আগে