ময়মনসিংহে ড্রাম থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে

ময়মনসিংহ প্রতিনিধি
নিরঞ্জন চন্দ্র সূত্রধর। ছবি: সংগৃহীত
নিরঞ্জন চন্দ্র সূত্রধর। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তির নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধর জেলার ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে।

বাড়ি ত্রিশাল উপজেলায় হলেও নিরঞ্জন স্ত্রী-সন্তান নিয়ে ময়মনসিংহ নগরীর স্টেডিয়াম এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি একজন জুয়েলারি কারিগর ছিলেন।

এর আগে বুধবার সকালে ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি এলাকার একটি স্লুইসগেটের সামনে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহতের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ড্রামের ভেতরে ভরে সেখানে ফেলে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়নাতদন্ত শেষে নিরঞ্জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement