ইউক্রেন যুদ্ধে তরুণের মৃত্যু: পাচারে অভিযুক্ত প্রবাসীকে ‘পিটিয়ে হত্যা’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশে লোক পাঠানো এবং রাশিয়ায় গিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জোড়ানো এক তরুণের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মো. বাবুল আক্তার (৩৫) নামে এক প্রবাসীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল আক্তার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। তিনি দুবাইপ্রবাসী ছিলেন। পাশাপাশি বিদেশে লোক পাঠানোর কাজেও যুক্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির, কটাসহ কয়েকজন কথা আছে বলে বাবুলকে ডেকে নিয়ে যান।

পরে তাকে কলমোগাড়া এলাকায় নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাকে সেখানে ফেলে রেখে চলে যান তারা। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বাবুল আক্তার এলাকার এক তরুণকে রাশিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে ওই তরুণ যুদ্ধে গিয়ে মারা যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা হলেও বিরোধ থেকে যায়।

ওসি আরও বলেন, ওই বিরোধের জেরে রাশিয়ায় মারা যাওয়া তরুণের পরিবারের লোকজন বাবুলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement